সর্বশেষ সংবাদ :

১০ ফাইনালের ৭টিতে সোনা, নতুন শক্তির জানান দিলো ভারত

স্পোর্টস ডেস্ক: গ্লাসগো (স্কটল্যান্ড) থেকে: গ্লাসগো-২০২৬ কমনওয়েলথ গেমসে বক্সিংয়ে নিজেদের আধিপত্যের ছাপ রেখেছে ভারত। ১০টি ফাইনালের মধ্যে সাতটিতে স্বর্ণপদক জিতে রিংয়ে একক কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছেন ভারতীয় বক্সাররা।
একদিনে সাতটি স্বর্ণ জয়ের এই সাফল্য শুধু পদক তালিকায় ভারতকে এগিয়ে নেয়নি, বিশ্ব বক্সিংয়েও দেশটির ক্রমবর্ধমান শক্তির পরিচয় দিয়েছে। ফাইনালের সবচেয়ে রোমাঞ্চকর লড়াইটি উপহার দেন ভারতের শচীন। নামিবিয়ার ট্রাইএগেইন মর্নিং এনদেভেলোর বিপক্ষে শেষ রাউন্ড পর্যন্ত পিছিয়ে থাকলেও শেষ মুহূর্তের এক শক্তিশালী ঘুষিতে প্রতিপক্ষকে নকডাউন করে নাটকীয় জয় নিশ্চিত করেন তিনি।
ভারতের সোনালি দিনের পাশাপাশি ইতিহাসের পাতায় নাম লেখান নর্দার্ন আয়ারল্যান্ডের মাইকেলা ওয়ালশ। নারীদের ৫৭ কেজি বিভাগের ফাইনালে পরাজিত হয়ে রৌপ্য জিতলেও কমনওয়েলথ গেমসের ইতিহাসে প্রথম বক্সার হিসাবে চারটি পদক জয়ের অনন্য কীর্তি গড়েন তিনি। পদক জয়ের পর ওয়ালশ বলেন, এটি আমার জন্য অসাধারণ অর্জন।
এখনও পুরো বিষয়টি উপলব্ধি করতে পারিনি। নিজের পারফরম্যান্স নিয়ে আমি গর্বিত। গ্লাসগোর রিংয়ে ভারতের ধারাবাহিক সাফল্য স্পষ্ট করেছে, দেশটির বক্সিং এখন আর সম্ভাবনার পর্যায়ে সীমাবদ্ধ নয়। আন্তর্জাতিক অঙ্গনে তারা এখন প্রতিষ্ঠিত শক্তি। সাতটি স্বর্ণপদকের এই অর্জন আগামী অলিম্পিক ও বিশ্ব চ্যাম্পিয়নশিপের আগে ভারতীয় বক্সারদের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দেবে।


প্রকাশিত: August 3, 2026 | সময়: 3:44 am | সুমন শেখ