, , ।
স্টাফ রিপোর্টার: রাজশাহীতে “রবীন্দ্র নজরুল জয়ন্তী ২০২৬” উদ্যাপিত হয়েছে। মঙ্গলবার নিউ গভঃ ডিগ্রী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শিখা সরকারের সভাপতিত্বে এ “রবীন্দ্র নজরুল জয়ন্তী ২০২৬” উদ্যাপিত হয়।
নিউ গভঃ ডিগ্রী কলেজে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ইব্রাহিম আলী। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন- “বাংলা ভাষাকে বিশ্বদরবারে নিয়ে গেছেন রবীন্দ্রনাথ, পুরো ভারতবাসিকে উজ্জীবিত করেছেন নজরুল”। অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর শহিদুল ইসলাম। প্রবন্ধকার বলেন- “রবীন্দ্রনাথ ও নজরুলের যে স্বপ্ন ছিল তা ব্যক্তিগত স্বপ্ন নয়, ছিল সমষ্টিগত। বাঙ্গালির সাংস্কৃতিক ও সামাজিক অগ্রগতির ক্ষেত্রে তাঁদের ভূমিকা অংকের হিসাব দিয়ে দেখানো সম্ভব নয়। একই বৃন্তে দুটি কুসুম রবীন্দ্রনাথ ও নজরুল, দুই মহান ব্যক্তি বাঙ্গালি জাতি ও বাংলার গর্বের ধন”। প্রবন্ধের ওপরে আলোচনা করেন ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান, প্রফেসর আরিফ আহম্মদ জুফি। সভাপতি বলেন- “সৌন্দর্যকে দেখার চোখ খুলে দিয়েছেন রবীন্দ্রনাথ, সব আন্দোলনে যিনি প্রাসঙ্গিক তিনি নজরুল। নজরুল তাঁর জীবনে-কর্মে-সাহিত্যে উদারতার পরিচয় দিয়েছেন। তিনি মানবকে সকলের উপরে স্থান দিয়েছেন। বাঙ্গালি মননে, সাহিত্যে তাঁরা অমর”।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মতিউর রহমান, শিক্ষক পরিষদ সম্পাদক প্রফেসর ড. মোঃ রাশেদ করিম, অনুষ্ঠানের আহ্বায়ক সহযোগী অধ্যাপক মাহফুজা খাতুন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক এস.এম.মুস্তাফিজুর রহমান ও নুসরত সাইদা সুলতানা।