, , ।
স্টাফ রিপোর্টার: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) উদ্যোগে রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (আরটিজেএ) নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় নগরীর আইনশৃঙ্খলা, মাদক নিয়ন্ত্রণ, ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন, শব্দদূষণ রোধসহ জননিরাপত্তা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। রোববার সকালে আরএমপি সদর দপ্তরের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির। সভায় আরটিজেএর নেতারা পেশাগত দায়িত্ব পালনে বিদ্যমান বিভিন্ন সুবিধা-অসুবিধা, চ্যালেঞ্জ এবং গণমাধ্যম-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় পুলিশ কমিশনারের সামনে তুলে ধরেন। একই সঙ্গে বর্তমান মহানগর পুলিশের কার্যক্রমের প্রতি সন্তোষ প্রকাশ করেন।
এ সময় তারা মহানগরীতে মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা, অটোরিকশা, বাসসহ সার্বিক ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন, চুরি-ছিনতাই প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, উপশহর এলাকায় শব্দদূষণ নিয়ন্ত্রণ, টহল পুলিশের উপস্থিতি বৃদ্ধি, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, নিবন্ধনবিহীন ওয়েবসাইট বন্ধে সাইবার ইউনিটের কার্যক্রম জোরদার, জাতীয় ও বিশেষ দিবসে পুলিশ ও সাংবাদিকদের অংশগ্রহণে প্রীতি ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন, মোটরসাইকেলের পরিবর্তিত সাইলেন্সারের কারণে সৃষ্ট শব্দদূষণ রোধ এবং ফুটপাত ও সড়ক দখল করে অবৈধ ব্যবসার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির সাংবাদিকদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং উত্থাপিত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন। তিনি বলেন, আলোচনায় উত্থাপিত অনেক বিষয় শুধু পুলিশের একক উদ্যোগে সমাধান সম্ভব নয়। সংশ্লিষ্ট সরকারি দপ্তর, সেবা সংস্থা ও অন্যান্য অংশীজনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে যৌক্তিক সমস্যাগুলোর দ্রুত, কার্যকর ও টেকসই সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। পুলিশের এখতিয়ারভুক্ত বিষয়গুলোতে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনাও দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, গণমাধ্যম ও পুলিশের পারস্পরিক সহযোগিতা এবং সমন্বিত প্রচেষ্টা জনসচেতনতা বৃদ্ধি, সুশাসন প্রতিষ্ঠা ও আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধরনের মতবিনিময় সভা পারস্পরিক আস্থা, সহযোগিতা ও সুসম্পর্ক আরও সুদৃঢ় করবে। সভায় উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (সদর) ও অতিরিক্ত দায়িত্বে অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ খোরশেদ আলম, উপ-পুলিশ কমিশনার (ডিবি) হিসেবে কর্মরত অতিরিক্ত ডিআইজি মো. মনিরুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (ফোর্স) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, উপ-পুলিশ কমিশনার (মতিহার) মাঈনুল ইসলাম, বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) মো. আবুল কালাম সাহিদ, উপ-পুলিশ কমিশনার (সিটিটিসি) ও আরএমপির মুখপাত্র মো. গাজিউর রহমানসহ আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।