সর্বশেষ সংবাদ :

৩ ডিসিপ্লিনে গতকাল শুরু হয়েছে বাংলাদেশের প্রতিযোগিতা

স্পোর্টস ডেস্ক: ‘গ্লাসগো ২০২৬ কমনওয়েলথ গেমসে’ শুক্রবার (২৪ জুলাই) থেকে শুরু হচ্ছে বাংলাদেশের আনুষ্ঠানিক প্রতিযোগিতা। প্রথম দিনেই তিনটি ডিসিপ্লিনে লড়াইয়ে নামবেন বাংলাদেশের সাত ক্রীড়াবিদ। সাঁতার, বক্সিং ও শৈল্পিক জিমন্যাস্টিকসে নিজেদের সামর্থ্য যাচাইয়ের সুযোগ পাবেন তারা।
এবারের কমনওয়েলথ গেমসে বাংলাদেশ অংশ নিচ্ছে চারটি ডিসিপ্লিনে- অ্যাথলেটিকস, সাঁতার, বক্সিং ও শৈল্পিক জিমন্যাস্টিকস। মোট ১৫ জন অ্যাথলেট নিয়ে গঠিত বাংলাদেশ দল। প্রথম দিনের সূচিতে টোলক্রস ইন্টারন্যাশনাল সুইমিং সেন্টারে বাংলাদেশের হয়ে পানিতে নামবেন তিন সাঁতারু। মেয়েদের ৫০ মিটার বাটারফ্লাইয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন সোনিয়া আক্তার। পুরুষদের ৫০ মিটার ব্যাকস্ট্রোকে অংশ নেবেন সামিউল ইসলাম রাফি এবং ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে লড়বেন সুকুমার রাজবংশী।
বক্সিংয়ে বাংলাদেশের প্রথম প্রতিনিধি হিসেবে রিংয়ে উঠবেন রাকিব হোসেন। পুরুষদের ৫৫ কেজি ওজন শ্রেণিতে নিজের প্রথম লড়াই খেলবেন তিনি। আন্তর্জাতিক এই আসরে ভালো শুরু করার লক্ষ্য রয়েছে তার। একইদিন স্যার ক্রিস হয় ভেলোড্রোম অ্যান্ড অ্যারেনায় শুরু হবে বাংলাদেশের শৈল্পিক জিমন্যাস্টদের প্রতিযোগিতা। শিশির আহমেদ, রাজিব চাকমা ও আবু সাঈদ রাফি দলগত ও ব্যক্তিগত- দুই বিভাগেই অংশ নেবেন।
বাংলাদেশের সবচেয়ে বড় দল অ্যাথলেটিকসে। এই ডিসিপ্লিনে পাঁচজন ক্রীড়াবিদ রয়েছেন। তারা হলেন- ইমরানুর রহমান, শিরিন আক্তার, লুশাদ ইসলাম, নাজিমুল হোসেন রনি ও স্বপ্না খাতুন। তাদের প্রতিযোগিতা শুরু হবে পরবর্তী সূচি অনুযায়ী।
২৩ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত চলবে গ্লাসগো কমনওয়েলথ গেমস। এবারের আসরে ৭৪টি দেশ ও অঞ্চলের প্রায় তিন হাজার ক্রীড়াবিদ ১০টি ডিসিপ্লিনে ২১৫টি স্বর্ণপদকের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন। বাংলাদেশের লক্ষ্য পদক জয়ের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের সেরাটা তুলে ধরা এবং ভবিষ্যতের বড় আসরগুলোর জন্য অভিজ্ঞতা অর্জন।


প্রকাশিত: July 25, 2026 | সময়: 3:42 am | সুমন শেখ

আরও খবর