রাসিক প্রশাসকের সাথে ওয়াসার এমডির সৌজন্য সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর উন্নয়ন, নাগরিক সেবার মানোন্নয়ন এবং বিভিন্ন উন্নয়ন কার্যক্রমে পারস্পরিক সমন্বয় জোরদারের লক্ষ্যে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী ওয়াসার নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ হারুন-অর-রশীদ (যুগ্মসচিব)। বৃহস্পতিবার সকালে নগর ভবনে প্রশাসকের দপ্তর কক্ষে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে রাজশাহী মহানগরের অবকাঠামোগত উন্নয়ন, নিরাপদ পানি সরবরাহ, নাগরিক সেবার মান বৃদ্ধি এবং দুই প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সমন্বয় নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়।
সাক্ষাৎকালে রাজশাহী ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক পরিচ্ছন্ন, সবুজ ও পরিকল্পিত রাজশাহী মহানগরী গড়ে তুলতে রাজশাহী সিটি কর্পোরেশনের বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগের প্রশংসা করেন। একই সঙ্গে ওয়াসার সেবার মান আরও উন্নত করতে রাসিকের সার্বিক সহযোগিতা কামনা করেন। রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, আমাদের মূল লক্ষ্য জনগণের দোরগোড়ায় সর্বোত্তম সেবা পৌঁছে দেওয়া। রাজশাহীর টেকসই উন্নয়ন ও নাগরিক কল্যাণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি রাজশাহী ওয়াসার উন্নয়ন ও সেবামূলক কার্যক্রম বাস্তবায়নে রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। মতবিনিময়ে নাগরিক সেবাকে আরও কার্যকর ও আধুনিক করা, টেকসই নগর ব্যবস্থাপনা নিশ্চিত করা এবং জনস্বার্থসংশ্লিষ্ট উন্নয়ন কার্যক্রম দ্রুত বাস্তবায়নে রাজশাহী সিটি কর্পোরেশন ও রাজশাহী ওয়াসার বিদ্যমান সমন্বয় আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়। সংশ্লিষ্টরা মনে করছেন, দুই প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ রাজশাহী মহানগরে আধুনিক নাগরিক সেবা সম্প্রসারণ এবং পরিকল্পিত নগর উন্নয়নের গতি আরও বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
রুয়েট শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ: প্রশাসক মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রুয়েটের শিক্ষার্থীবৃন্দ। গতকাল বিকেলে নগর ভবনে অনুষ্ঠিত এ সাক্ষাৎকালে রুয়েটের শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা, শিক্ষার পরিবেশের উন্নয়ন এবং রাজশাহী সিটি কর্পোরেশনে শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ সৃষ্টির বিষয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন শিক্ষার্থীদের বিভিন্ন বিষয় মনোযোগ দিয়ে শোনেন এবং গঠনমূলক উদ্যোগের প্রতি ইতিবাচক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। সৌজন্য সাক্ষাৎকালে রুয়েটের শিক্ষার্থী শিহাব বাবু, শ্রাবণ, যুবায়ের হাসান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।


প্রকাশিত: July 24, 2026 | সময়: 4:58 am | সুমন শেখ