মাদরাসা শিক্ষকদের দ্বন্দ্ব চাপে দারুস সালাম কেন্দ্রের আলিম পরীক্ষার্থীরা

স্টাফ রিপোর্টার : দুই মাদরাসার শিক্ষকদের দ্বন্দ্বের কারণে চলতি আলিম পরীক্ষায় চাপের মুখে পড়েছে নগরীর মদিনাতুল উলুম কামিল মাস্টার্স মাদরাসার শিক্ষার্থীরা। এ মাদরাসার শিক্ষার্থীরা আলিম পরীক্ষা দিচ্ছে নগরীর কোর্ট এলাকার রাজশাহী দারুস সালাম কামিল মাদ্রাসা কেন্দ্রে।
পরীক্ষা শুরুর পর থেকেই দারুস সালাম কামিল মাদরাসার শিক্ষকরা প্রতিহিংসা বশত শিক্ষার্থীদের নানা ধরনের চাপের মুখে রেখেছে বলে অভিযোগ উঠেছে। এতে নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারছে না শিক্ষার্থীরা। এ পরিস্থিতিতে প্রতিকার চেয়ে রাজশাহী জেলা প্রশাসক বরাবর আবেদন করেছেন মো: আবুল কালাম আজদ নামের একজন অভিভাবক।
তিনি অভিযোগ করেন, দারুস সালাম মাদরাসা কেন্দ্রের পরীক্ষার্থীদের সিট ব্যবস্থায় অব্যবস্থাপনার কারণে শিক্ষার্থীরা ঠিকমত পরীক্ষা দিতে পারছে না। তিনি অভিযোগে উল্লেখ করেন, ‘আমার ছেলে নগরীর মদিনাতুল উলুম কামিল মাদরাসার নিয়মিত ছাত্র।
গত ২২ জুলাই অনুষ্ঠিত আইসিটি পরীক্ষায় আকস্মিকভাবে পরীক্ষা কক্ষ পরিবর্তন করে নতুন বিল্ডিংয়ে প্রতি বেঞ্চে একজন করে বসানো হয়। কিন্তু যেসব বেঞ্চে বসানো হয়েছে সেসব সিট বেঞ্চ থেকে হাই বেঞ্চ একেবারেই অসামঞ্জস্যপূর্ন। সিট বেঞ্চ ও হাইবেঞ্চ অস্বাভাবিক উঁচু হওয়ায় পরীক্ষার্থীদের লিখতে সমস্যা সৃষ্টি হয়েছে। ফলে আশানুরুপ পরীক্ষা দিতে পারেনি।
তিনি অভিযোগে উল্লেখ করেন, আকস্মিকভাবে বিল্ডিং পরিবর্তনের ফলে এ সমস্যার সৃষ্টি হয়েছে। তিনি বিষয়টি সরেজমিনে তদন্তপূর্বক কোমলমতি শিক্ষার্থীদের পরীক্ষার জন্য অনুকূল পরিবেশ সৃষ্টির আবেদন করেন।
এদিকে এ কেন্দ্রের অব্যবস্থাপনা নিয়ে পরীক্ষাথীরাও অভিযোগ করেছে। তারা জানায়, দারুস সালামের কয়েকজন শিক্ষক মদিনাতুল উলুমের ছাত্রদের উপর কড়াকড়ি করতে হবে বলে পরিক্ষা কক্ষে ভয় ভীতি সৃষ্টি করেছে। তারা জানায়, সিট বেঞ্চ ও হাইবেঞ্চ অসামঞ্জস্যপূর্ন উচ্চতায় হওয়ায় লিখা যায়না। তাদের অভিযোগ মদিনাতুল উলুমের ছাত্র-ছাত্রীদের হেনস্তা করতে হল পরিবর্তন করা হয়েছে। প্রতি বেঞ্চে দুইজন করে বোর্ডের নির্দেশনা মেনেই পূর্বের বিষয়গুলি পরীক্ষা নিলেও রহস্যজনক কারণে এক বেঞ্চে একজন করে বসানো হয়েছে।
জানা গেছে, মদিনাতুল উলুম কামিল মাদরাসার ছাত্র-ছাত্রীরা দারুস কামিল মাদরাসা ও দারুস সালাম কামিল মাদরাসার ছাত্র-ছাত্রীরা মদিনাতুল উলুম কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে। মদিনাতুল উলুম কেন্দ্রে অস্বাভাবিক ভীতিকর পরীক্ষা ব্যবস্থাপনা নিয়ে এক ছাত্র সম্প্রতি ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পর থেকেই মুলত পাল্টা প্রতিশোধ হিসেবে দারুস সালাম মাদরাসার অধ্যক্ষ ও কয়েকজন শিক্ষক আইসিটি পরীক্ষায় এক ভাতিকর পরিবেশ সৃষ্টি করে।
যোগাযোগ করা হলে মদিনাতুল উলুম কামিল মাদরাসার অধ্যক্ষ মো. মোকাদ্দেসুল ইসলাম জানান, রাজশাহী দারুস সালাম কামিল মাদাসা কোনোভাবেই মদিনাতুল উলুম কামিল মাস্টার্স মাদরাসার সঙ্গে প্রতিযোগীতায় টিকতে পারছে না। এ কারনে এ মাদরাসার শিক্ষার্থীদের টার্গেট করে পরীক্ষায় নানান প্রতিবন্ধকতার সৃষ্টি করেছে। এ বিষয়টি নিয়ে মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষকে বারবার বলা হলেও তারা কোনো কর্ণপাত করছেন না।
তবে এসব অভিযোগ অস্বীকার করে রাজশাহী দারুস সালাম কামিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাকির হোসেন বলেন, পরীক্ষার্থীদের প্রতিবন্ধকতা সৃষ্টি কারো কাম্য নয়। এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। তিনি বলেন, বৃষ্টির কারণে মাঠে পানি জমে যাওয়ায় ভবন পরিবর্তন করা হয়েছে। সেখানে সরকারি বেঞ্চে শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে। পরীক্ষা নিয়ে অভিযোগ সঠিক নয় বলেও দাবি করেন তিনি। দুই মাদরাসার শিক্ষকদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই বলেও জানান তিনি।


প্রকাশিত: July 24, 2026 | সময়: 4:54 am | সুমন শেখ