শুক্রবার, ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার, বাঘা :
রাজশাহীর বাঘায় পুলিশের বিশেষ অভিযানে আদালতের সাজাপ্রাপ্ত আসামি-সহ বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত মোট আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) দিবাগত রাত সাড়ে ১১টা থেকে শুক্রবার ভোর পর্যন্ত উপজেলা ও পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নে একযোগে এ অভিযান পরিচালনা করে বাঘা থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মাদক মামলার জিআর-১৬৩/২১ (বাঘা)-এর সাজাপ্রাপ্ত আসামি রাকিবুল হাসান রাকিব (২৮) রয়েছেন। তিনি উপজেলার হরিরামপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে। মামলার বিচার শেষে আদালত তাকে এক বছরের সশ্রম কারাদণ্ড দেন। আদালতের জারি করা পরোয়ানার ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এ ছাড়া পৃথক মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি মিলন হোসেন, মো. জালাম, মো. বাবুল হোসেন, মিলন মিয়া ও মো. বজলুলকে নিজ নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। একই অভিযানে অন্যান্য মামলার পরোয়ানাভুক্ত আলতাব হোসেন ও আনোয়ার হোসেনকে আটক করা হয়।
বাঘা থানা পুলিশ জানায়, গ্রেপ্তার আটজনের বিরুদ্ধে আদালতের জারি করা পরোয়ানা কার্যকর করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে শুক্রবার তাদের আদালতের মাধ্যমে রাজশাহী জেলা কারাগারে পাঠানো হয়েছে।
এ বিষয়ে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
তিনি বলেন, “মাদক ও অপরাধের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। অপরাধ করে কেউ আইনের হাত থেকে রেহাই পাবে না। মাদকমুক্ত সমাজ গড়তে পুলিশের পাশা পাশি সাধারণ মানুষকেও সচেতন ও সহযোগিতাপূর্ণ ভূমিকা পালন করতে হবে।তিনি আরও বলেন, বাঘা উপজেলায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।
নুরুজ্জামান /শামি