আর্জেন্টিনার নকআউটে প্রতিপক্ষ কারা

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপে গ্রুপ পর্বের খেলা শেষ হচ্ছে আজ । এরই মধ্যে নকআউট পর্বের পূর্ণ ব্র্যাকেট চূড়ান্ত হয়েছে। গ্রুপ পর্বে এক ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়ন হয়ে গেছে আর্জেন্টিনা। শেষ ৩২ (রাউন্ড অব ৩২) আলবিসেলেস্তেদের প্রতিপক্ষ এইচ গ্রুপের রানার্সআপ কেপ ভার্দে। নবাগত দলটি উরুগুয়ে ও স্পেনের মতো শক্তিশালী দলের বিপক্ষে ভালো পারফরম্যান্স করে পরের পর্বে জায়গা করে নিয়েছে। সম্ভাব্য পথপরিক্রমায় শেষ ষোলোতে আর্জেন্টিনার প্রতিপক্ষ হতে পারে অস্ট্রেলিয়া বা মিসর। অস্ট্রেলিয়া জিতলে ২০২২ সালের কাতার বিশ্বকাপের পুনরাবৃত্তি হবে, যেখানে শেষ ষোলোতে দুই দল মুখোমুখি হয়েছিল এবং আর্জেন্টিনা ২-১ গোলে জয় পেয়েছিল। কোয়ার্টার ফাইনালে উঠলে আর্জেন্টিনার সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে কে গ্রুপের শীর্ষ দল। শনিবার (২৭ জুন) কলম্বিয়া–পর্তুগাল ম্যাচের পর সেই অবস্থান চূড়ান্ত হবে। এছাড়া শেষ আটে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে রয়েছে সুইজারল্যান্ডও। সেমিফাইনালে পৌঁছালে আর্জেন্টিনার সামনে সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে থাকতে পারে ব্রাজিল বা ইংল্যান্ড। আর ফাইনালে উঠলে বর্তমান চ্যাম্পিয়নদের মুখোমুখি হতে হতে পারে ফ্রান্স, স্পেন, নেদারল্যান্ডস কিংবা জার্মানির মতো শক্তিশালী দল। আর্জেন্টিনার নকআউট সূচি অনুযায়ী রাউন্ড অব ৩২: ৪ জুলাই, ভোর ৪টা, মায়ামি স্টেডিয়াম, রাউন্ড অব ১৬: ৭ জুলাই, রাত ১০টা, আটলান্টা, কোয়ার্টার ফাইনাল: ১২ জুলাই, সকাল ৭টা, কানসাস সিটি, সেমিফাইনাল: ১৬ জুলাই, রাত ১টা, আটলান্টা স্টেডিয়াম,ফাইনাল: ২০ জুলাই, রাত ১টা, নিউজার্সি স্টেডিয়াম।


প্রকাশিত: জুন ২৮, ২০২৬ | সময়: ৪:১৮ পূর্বাহ্ণ | সুমন শেখ