বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্পোর্টস ডেস্ক: ২০২৬ ফুটবল বিশ্বকাপে শুরু থেকেই নানা রাজনৈতিক বিতর্ক আর কঠিন ভ্রমণ নিষেধাজ্ঞার মুখোমুখি হওয়া ইরান জাতীয় ফুটবল দলের ওপর অবশেষে কড়াকড়ি কিছুটা শিথিল করেছে মার্কিন প্রশাসন।
যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস) জানিয়েছে, পরবর্তী ম্যাচের দুদিন আগে ইরান দলকে ভেন্যুতে ভ্রমণের অনুমতি দেওয়া হচ্ছে। তবে শিথিলতা আনা হলেও আগামী শনিবার সিয়াটলে ম্যাচ শেষ হওয়ার পরপরই দলটিকে মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়তে হবে। ইরান ফুটবল ফেডারেশন নিশ্চিত করেছে যে, এই সিদ্ধান্তের পর আজ বুধবার তারা মেক্সিকোর তিজুয়ানার বেস ক্যাম্প থেকে সিয়াটেলের উদ্দেশ্যে রওনা হবে।
হোয়াইট হাউস ফিফা টাস্ক ফোর্সের নির্বাহী পরিচালক অ্যান্ড্রু জুলিয়ানি অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) বলেন, ‘এটি আমাদের পক্ষ থেকেই পরিকল্পিত ছিল। আমরা দেখতে চেয়েছিলাম প্রথম দুটি যাতায়াত কেমন হয়। সেগুলো নির্বিঘ্নে সম্পন্ন হওয়ায় দীর্ঘ ভ্রমণ সময়ের কথা বিবেচনা করে আমরা তাদের বাড়তি একদিন সময় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
মার্কিন গণমাধ্যম এনবিসি নিউজ প্রথম এই নীতি পরিবর্তনের খবরটি সামনে আনে। এমন এক সময়ে এই সিদ্ধান্ত এলো যখন গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েলকে সঙ্গে নিয়ে ইরানের ওপর যুক্তরাষ্ট্রের চাপিয়ে দেওয়া যুদ্ধ বন্ধের বিষয়ে দুই দেশের কর্মকর্তারা আলোচনা চালাচ্ছেন।
চলতি যুদ্ধের কারণে ইরান দল শুরু থেকেই নানা প্রতিবন্ধকতার অভিযোগ করে আসছে। গত মার্চ মাসে তারা গ্রুপ পর্বের ম্যাচগুলো মেক্সিকোতে সরিয়ে নেওয়ার অনুরোধ করেছিল, যার সঙ্গে ইরানের কূটনৈতিক সম্পর্ক রয়েছে। পরবর্তীতে বিশ্বকাপ শুরুর মাত্র দুই সপ্তাহ আগে অ্যারিজোনার টুসন থেকে মেক্সিকোর তিজুয়ানায় তাদের বেস ক্যাম্প স্থানান্তরের অনুমতি দেওয়া হয়। তবে দলের বেশ কয়েকজন কর্মকর্তা ও সহকারী কর্মীকে যুক্তরাষ্ট্রের ভিসা দেওয়া হয়নি।
এর আগে লস অ্যাঞ্জেলেসের কাছে হওয়া প্রথম দুটি ম্যাচের জন্য ইরান দলকে খেলার মাত্র একদিন আগে ভ্রমণের অনুমতি দেওয়া হয়েছিল। ইরানের কোচ আমির গ্যালেনোই বারবার অভিযোগ করেছেন যে, মাত্র ২৪ ঘণ্টারও কম সময় আগে ভেন্যুতে পৌঁছানোর কারণে দল বৈষম্যের শিকার হচ্ছে। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে বেলজিয়ামের সঙ্গে ০-০ ড্রয়ের পর দোভাষীর মাধ্যমে গ্যালেনোই বলেন, ‘এই মুহূর্তে আমাদের সবকিছুর চেয়ে পুনরুদ্ধার বা বিশ্রামের বেশি প্রয়োজন। পরিস্থিতি আমাদের জন্য অত্যন্ত কঠিন ছিল।’
ফিফার নিয়ম অনুযায়ী, সাধারণত দলগুলো ম্যাচের একদিন আগে এবং বিশেষ ক্ষেত্রে দুদিন আগে ভেন্যুতে ভ্রমণ করে থাকে। তবে টিজুয়ানা থেকে সিয়াটলের দূরত্ব ১৯০০ কিলোমিটারেরও বেশি হওয়ায় আবহাওয়া ও ক্লান্তির সঙ্গে মানিয়ে নিতে ইরান বাড়তি সময় চেয়েছিল। নতুন সূচি অনুযায়ী, বৃহস্পতিবার ইউনিভার্সিটি অব ওয়াশিংটনে অনুশীলন করবে ইরান দল। দলের অধিনায়ক আলিরেজা জাহানবখশ এর আগে বলেন, ‘আমরা বাড়তি কিছু চাচ্ছি না। বাকি ৪৭টি দল যে সুযোগ-সুবিধা পাচ্ছে, আমরাও শুধু সেটাই চাচ্ছি।’
খেলোয়াড়দের মতে, তিজুয়ানা থেকে লস অ্যাঞ্জেলেসের মাত্র ২০৪ কিলোমিটারের বিমান পথ পাড়ি দিতেই মার্কিন সীমান্তে তাদের চরম ভোগান্তির শিকার হতে হয়েছে। দলের আরেক তারকা মেহেদি তারেমি জানান, নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচের আগের দিন এই সামান্য পথ পাড়ি দিতেই তাদের ৫ ঘণ্টা সময় লেগেছিল।
এদিকে, গত রবিবার বেলজিয়াম ম্যাচের কয়েক ঘণ্টা আগে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েন মুলিন ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে দাবি করেন, ইরান দল রেভল্যুশনারি গার্ডের (আইআরজিসি) সঙ্গে সরাসরি যুক্ত এমন এক ব্যক্তিকে দলে অন্তর্ভুক্ত করার চেষ্টা করেছিল। তবে ইরান ফুটবল ফেডারেশন এই দাবিকে ‘সম্পূর্ণ ও অনস্বীকার্য মিথ্যা’ বলে তীব্র প্রতিবাদ জানিয়েছে।
মাঠে এবং মাঠের বাইরে চরম বৈরী পরিবেশের মুখোমুখি হলেও ইরানের খেলোয়াড় ও কোচরা যুদ্ধ নিয়ে সরাসরি কোনো মন্তব্য করা থেকে বিরত রয়েছেন। কোচ গ্যালেনোই স্পষ্ট করে বলেছেন, ‘আমরা এখানে ফুটবলের জন্য এসেছি, রাজনীতির জন্য নয়।’ তবে যুদ্ধের শুরুতে একটি প্রাথমিক বিদ্যালয়ে হওয়া ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় নিহতদের স্মরণ করতে ভুলেননি ফুটবলাররা। গত ৭ জুন মেক্সিকোতে পা রাখার সময় ইরানের খেলোয়াড় ও কোচদের জ্যাকেটে ‘১৬৮’ নম্বর লেখা সোনালি রঙের পিন দেখা যায়। ওই হামলায় মূলত ১৬৮ জন কোমলমতি স্কুলছাত্রী নিহত হয়েছিল, যার পেছনে যুক্তরাষ্ট্রের হাত রয়েছে বলে ধারণা করা হয়।
গ্রুপ পর্বে ইরানের পরবর্তী প্রতিপক্ষ মিসরও সিয়াটলে দুদিন আগে আসার অনুমতি পাবে কি না, তা এখনও স্পষ্ট নয়। ভ্যাঙ্কুভারে নিউজিল্যান্ডকে ৩-১ গোলে হারানোর পর মিসর সরাসরি সিয়াটলে আসার অনুরোধ করলেও শেষ মুহূর্তে নিরাপত্তার অজুহাতে ফিফা তা বাতিল করে দেয়। ফলে মিসর দল সিয়াটল থেকে ৪৫ মিনিটের বিমান দূরত্বের স্পোকেনে তাদের নিজেদের বেস ক্যাম্পেই ফিরে গেছে।