সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার,বাঘা :
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের দেশব্যাপী নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।সোমবার বিকেলে রাজশাহীর বাঘা উপজেলা ও পৌর বিএনপি এবং এর সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলার বাঘা মডেল উচ্চ বিদ্যালয় মাঠ থেকে এই বিক্ষোভ কর্মসুচি অনুষ্ঠিত হয়।
সরেজমিন লক্ষ্য করা যায়, সোমবার বিকেলে বাঘা উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সমবেত হয়ে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এবং বিভিন্ন স্থানে প্রতিবাদী স্লোগান প্রদান করে। পরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।
সমাবেশে বক্তারা বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করতে এবং গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ব্যাহত করার লক্ষ্যে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ ও তাদের সহযোগী সংগঠন নানা ধরনের ষড়যন্ত্র ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এসব অপতৎপরতার বিরুদ্ধে জনগণকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।
দলীয় সুত্র জানা গেছে,বিক্ষোভ কর্মসূচিটি রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক ও রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদের দিক নির্দেশনায় অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, এবং ছাত্রদল-সহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নুরুজ্জামান /শামি