রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’, কক্সবাজারের চকরিয়ার মালুমঘাট সংরক্ষিত বনে বৃক্ষরোপণের মাধ্যমে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি।
এরই ধারাবাহিকতায় পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় রাজশাহী জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। শনিবার দুপুর ১২টায় নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারে এই কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক এডভোকেট বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী ঈশা।
এ সময় তিনি বলেন, পরিবেশ সুরক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়তে বৃক্ষরোপণের কোন বিকল্প নাই। প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণ ও পরিচর্যায় এগিয়ে আসতে হবে। সবুজ রাজশাহী গড়ার লক্ষ্যে জেলা পরিষদ ধারাবাহিকভাবে এ ধরনের কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে বলে উল্লেখ করেন তিনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা, রাজশাহী মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা, সভাপতি আসলাম সরকার, বোয়ালিয়া থানা পূর্ব বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম নিপু এবং বোয়ালিয়া থানা পশ্চিম বিএনপির সভাপতি শামসুল ইসলাম মিলু। এছাড়াও রাজশাহী জেলা পরিষদের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। উপস্থিত অতিথিরা পরিবেশ রক্ষায় বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান এবং এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে উল্লেখ করেন।
পবা ও মোহনপুর: দুই উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ভেষজ বৃক্ষরোপণ করা হয়। উপজেলা প্রশাসন ও বন বিভাগ এ কর্মসূচির আয়োজন করে। রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন কর্মসূচিতে উপস্থিত হয়ে এসব বৃক্ষরোপণ করেন। এ সময় তিনি বলেন, “আমাদের সরকার পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে। সেই ধারাবাহিকতায় এ বছর সারা দেশে পাঁচ কোটি গাছ লাগানো হবে। শুধু গাছ লাগালেই হবে না, প্রতিটি গাছের যত্ন নিতে হবে। পরিবেশ রক্ষা, ছায়া, ফল ও অক্সিজেনের জন্য বৃক্ষরোপণের বিকল্প নেই। সবুজ ও সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে।”
এদিনের পৃথক কর্মসূচিতে পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনুল আবেদীন, মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহিমা বিনতে আখতার, পবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান, মোহনপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা, মোহনপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব অর রশিদ, পবা উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ, মোহনপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও ধুরইল ইউপি সাবেক চেয়ারম্যান কাজিম উদ্দিন সরকার।
এছাড়াও পবা উপজেলা বন কর্মকর্তা আব্দুল মান্নান, মোহনপুর উপজেলা বন কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান, স্বেচ্ছাসেবী সংগঠন ব্রাইট লাইফ ভলান্টিয়ার্সের প্রতিষ্ঠাতা সভাপতি আমানুল্লাহ আমান ও প্রচার সম্পাদক মাসুদ পারভেজ সহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পৃথক বৃক্ষরোপণ কর্মসূচি শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জান্নাতুল ফিরদাউস এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু ও সফলতা কামনায় দোয়া মোনাজাত করা হয়।
গোমস্তাপুর: প্রধানমন্ত্রী তারেক রহমানের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনের পর গোমস্তাপুরে এই কার্যক্রম শুরু হয়। উপজেলা প্রশাসন,রহনপুর পৌরসভা ও বনায়ন বিভাগ আয়োজিত এই বৃক্ষরোপণ কর্মসূচিতে চারা গাছ গাছ রোপণ করা করা হয়। রহনপুর পৌরসভার পিড়াসন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড.মু. মিজানুর রহমান, গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী, সহকারী কমিশনার (ভুমি) উম্মে সালমা রুমা, রহনপুর পৌরসভার সাবেক মেয়র তারিক আহমদ, পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, সাবেক কাউন্সিলর আশরাফুল হক, শিক্ষা কর্মকর্তা ইসাহাক আলী, বনায়ন কর্মকর্তা সিরাজুল ইসলাম, রহনপুর পৌরসভার সহকারী প্রকৌশলী আব্দুল মালেক, রহনপুর পুলিশ তদন্তের ইনচার্জ আতিকুর রহমানসহ অন্যরা। পরে পীড়াসন সড়কে রহনপুর পৌরসভার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এছাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে রহনপুর ইউনিয়নের জনতা স্কুলমোড় টু লক্ষীপুর সড়কে বৃক্ষরোপণ কর্মসূচী অংশ হিসেবে বিভিন্ন ধরণের চারা গাছ রোপণ করা হয়।
জয়পুরহাট: হাকিমপুর পৌরসভার গোহাড়া গ্রামের পদ্মপুকুর পাড় এলাকায় বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা একটি নিম গাছের চারা রোপণ করেন। এ সময় ফলজ, বনজ ও ঔষধি গাছের বিভিন্ন চারা রোপণ করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, কর্মসূচির আওতায় পর্যায়ক্রমে উপজেলার তিনটি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ২৮ হাজার গাছের চারা রোপণ করা হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী এন্তাজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা আরজেনা বেগম, হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন, উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ স¤পাদক সাখাওয়াত হোসেনসহ প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। তারা সকলকে নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি গাছ লাগানো এবং সেগুলোর যথাযথ পরিচর্যা করার আহ্বান জানান।
ঈশ্বরদী: ঈশ্বরদী উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে শনিবার সকালে ঈশ্বরদী কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আনুষ্ঠানিক ভাবে এই কর্মসূচীর শুভ উদ্বোধন করা হয়। ঈশ্বরদী পৌর যুবদলের আহবায়ক জাকির হোসেন জুয়েলের সভাপতিত্বে বৃক্ষ রোপন কর্মসূচীতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপি নেতা ইসলাম হোসেন জুয়েল, আক্কাস আলী খাঁন, ঈশ্বরদী পৌরসভার সাবেক প্যানেল মেয়র মোঃ আনোয়ার হোসেন জনি, ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির সভাপতি মোঃ নান্নু রহমান, ঈশ্বরদী উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক হিরোক সরদার, এনামুল হোসেন আতিয়ার, আক্তারুজ্জামান রাজু, ঈশ্বরদী পৌর স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব মাহামুদুর রহমান ফুল জুয়েল প্রমূখ।
ঈশ্বরদী কেন্দ্রীয় শহীদ মিনার ছাড়াও ঈশ্বরদী উপজেলা কমপ্লেক্স, সরকারী কলেজ, ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, প্রেসক্লাব, এস এম স্কুল এন্ড কলেজ, ইসলামীয়া আলীম মাদ্রাসাসহ ঈশ্বরদীর গুরুত্বপূর্ণ অর্ধশত পয়েন্টে প্রায় দুই শতাধিক বিভিন্ন ফলদ ও বনজ গাছের চারা রোপন করা হয়।
তানোর: তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা খান তানোর বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কার্যক্রমে অংশ নেন। এসময় উপস্থিত ছিলেন তানোর উপজেলা বন কর্মকর্তা সারওয়ার জাহান, তানোর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমানসহ শিক্ষার্থীরা। তানোর উপজেলার তালন্দ ইউনিয়নের বিভিন্ন রাস্তায় বৃক্ষরোপণ করেন, তালন্দ ইউপি চেয়ারম্যান নাজিমুদ্দীন বাবু, এছাড়াও প্রতিটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা নিজ নিজ ইউনিয়নের রাস্তা, স্কুলের মাঠসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈম খান বলেন, বৃক্ষই পরিবেশের ভারসাম্য রক্ষার অন্যতম প্রধান উপাদান। তাই বেশি বেশি বৃক্ষরোপণ ও পরিচর্যার মাধ্যমে একটি সবুজ, বাসযোগ্য ও পরিবেশবান্ধব তানোর গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে।
টাঙ্গাইল: ধনবাড়ী আসিয়া হাসান আলী মহিলা ডিগ্রী কলেজ মাঠে ধনবাড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচীর আয়োজন করা হয়। কর্মসূচীর অংশ হিসেবে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করাসহ শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। এসময় ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মিজ্ নূরজাহান আক্তার সাথী, ধনবাড়ী উপজেলা বিএনপি’র সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান, সাধারণ সম্পাদক এনামুল হক ভিপি, পৌর বিএনপি’র সভাপতি এসএমএ ছোবহান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম স্বপন ও অত্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অব্দুল বারীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ নূরজাহান আক্তার সাথী বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বাংলাদেশ গঠনে সকলকে বেশী বেশী গাছ লাগানোর আহ্বান জানান। তিনি আরোও বলেন, একটি গাছ শুধু পরিবেশ রক্ষা করে না, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ পৃথিবী গড়তেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমরা শুধু গাছ লাগিয়েই দায়িত্ব শেষ করব না। প্রতিটি ইউনিয়নে মনিটরিং কমিটি গঠন করে,৫ বছর পর্যন্ত পরিচর্যা নিশ্চিত করব। স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিয়ে ‘গ্রীন ক্লাব’ করে দায়িত্ব দেওয়া হবে। আগামী ৭ দিনে উপজেলার সকল মসজিদ-মাদ্রাসায় চারা বিতরণ করা হবে। উদ্বোধন শেষে ধনবাড়ী পৌরসভা ও ৭টি ইউনিয়ন এবং ৪০টি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে চারা রোপণ শুরু হয়। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেন।
গোদাগাড়ী: গোদাগাড়ী উপজেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ আয়োজনে উপজেলার সোনাদিঘী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বিদ্যালয় প্রাঙ্গণে ঔষধি ও বনজ গাছের চারা রোপণ করে কর্মসূচির উদ্বোধন করেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বন কর্মকর্তা আরিফুর রহমান এবং উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ আব্দুর রহমান।এছাড়া সোনাদিঘী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাইনুল ইসলামসহ বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষিকা ও কর্মচারী বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা পরিবেশ রক্ষায় সবাইকে নিজ নিজ উদ্যোগে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান।
পাঁচবিবি: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন শিশু শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন। উপজেলার উচাই বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ প্রাঙ্গউেদ্বোধন করেন ইউএনও। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা জামায়াত নেতা প্রভাষক মোঃ মোস্তাফিজুর রহমান, উচাই বালিকা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নওশাদ আলী, আটাপুর ইউনিয়ন বিএনপি’র সম্পাদক সুশান্ত কুমার ঘোষ ও উপজেলা ছাত্রদলের আহবায়ক ফয়সাল হোসেন আপেল সহ শিক্ষক ও শিক্ষার্থীরা।
সিংড়া: দমদমা স্কুল এন্ড কলেজ মাঠে ফলজ,বনজ ও ওষধি গাছের চারা রোপণ করে এ কাজের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল রিফাত। এসময় উপজেলা বিএনপির সদস্য সচীব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল, পৌর বিএনপির আহবায়ক সাখাওয়াত হোসেন সাখা, ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক ও স্থানীয় সংসদ সদস্যের প্রতিনিধি মিলন হোসেন মাস্টার, তাজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ শাহাদত হোসেন, সাবেক ছাত্রনেতা রফিকুল ইসলাম বুলেট, উপজেলা প্রশাসনের বিভিন্ন দাপ্তরিক কর্মকর্তা, সামাজিক বনায়নের প্রতিনিধি, পরিবেশকর্মী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন,জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সরকারের গৃহীত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি দেশের পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা সিংড়া উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও রাস্তায় এ কর্মসূচির মাধ্যমে বৃক্ষরোপণ করবো।
নলডাঙ্গা: নলডাঙ্গা পৌরসভা ও উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার আল এমরান খান। নলডাঙ্গা উপজেলা ও পৌর এলাকার বিভিন্ন স্থানে নানা রকম ফলজ, বনজ ও ঔষধী চারাগাছ রোপণ করা হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে আগামী ৩০ জুনের মধ্যে বিভিন্ন প্রকার ৫ হাজার গাছের চারা রোপণ করা হবে। এছাড়া রাজনৈতিক দল, জনপ্রতিনিধি ও উপজেলা কৃষি অধিদপ্তর সহ বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোগে এই উপজেলায় ৫০ হাজার গাছের চারা রোপণ করা হবে বলে জানান, নলডাঙ্গা উপজেলা প্রশাসন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক আশিকুর রহমান, নলডাঙ্গা উপজেলা বিএনপি নেতা শফিকুল ইসলাম বুলবুল, নলডাঙ্গার সাবেক পৌর মেয়র বিএনপি নেতা আব্বাস আলী নান্নু, নলডাঙ্গার সাবেক পৌর প্রশাসক বিএনপি নেতা এম এ হাফিজ, বিপ্রবেলঘরিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাসুদ তালুকদার প্রমূখ।