সোমবার, ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
আক্কেলপুর প্রতিনিধি: জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার কাশিড়া গ্রামে দিনমজুর শ্যামল চন্দ্র মালী (৫০) হত্যাকাণ্ডের নেপথ্যে উঠে এসেছে একটি তুচ্ছ বিদ্রুপের ঘটনা।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ‘ধান কাটার জন্য তোর ক্যামলা আসলো’ এই একটি মাত্র মন্তব্যকে কেন্দ্র করেই ক্ষিপ্ত হয়ে ওঠেন অভিযুক্ত হাসান আলী (৩৫)। মুহূর্তের উত্তেজনায় গাছের ডাল দিয়ে মাথায় আঘাত করলে প্রাণ হারান শ্যামল। এ ঘটনায় নিহতের ভাই সুকমল চন্দ্র মালি বাদি হয়ে অভিযুক্ত হাসান আলীকে একমাত্র আসামী করে আক্কেলপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
ঘটনাটি গত শনিবার বিকেলে উপজেলার কাশিড়া গ্রামে ঘটেছে। নিহত শ্যামল চন্দ্র মালী ওই গ্রামের বিরেন চন্দ্র মালির ছেলে এবং পেশায় ক্ষুদ্র মাছ ব্যাবসায়ী ও দিনমজুর ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঘটনার দিন বিকেলে শ্যামল চন্দ্র মালী কাশিড়া হাটে বাজার করতে যাচ্ছিলেন। একই সময়ে বিপরীত দিক থেকে আসছিলেন হাসান আলী। সড়কের পাশে শ্যামলের ভাই পরিমল চন্দ্র মালী ধান কাটার কাজ করছিলেন। পথে সেলিম মেম্বারের বাড়ির কাছে পৌঁছালে শ্যামল চন্দ্র মালী হাসান আলীকে দেখে তার ভাই পরিমলকে উদ্দেশ্য করে হাসানকে ইঙ্গিত করে ‘ধান কাটার জন্য তোর ক্যামলা আসলো’ বলে একটি মন্তব্য করে কাশিড়া হটের উদ্দেশ্যে রওনা করেন।
ওই মন্তব্যে হাসান নিজেকে অপমানিত মনে করে ক্ষিপ্ত হয়ে সড়কের পাশে থাকা একটি গাছের ডাল তুলে পেছন থেকে শ্যামলের মাথায় সজোরে আঘাত করেন। এতে সঙ্গে সঙ্গে শ্যামল সড়কের ওপর লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর পালিয়ে যাওয়ার চেষ্টা করেন হাসান আলী। নিহতের ভাতিজা সুশান্ত চন্দ্র মালী প্রায় এক কিলোমিটার পথ ধাওয়া করে তাঁকে আটক করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করে হেফাজতে নেয়।
রোববার দুপুরে নিহতের স্ত্রী দিপালী মালী কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, শনিবার বিকালে আমার স্বামী পায়ে হেঁটে কাশিড়া হাটে যাচ্ছিল। সামান্য একটা কথার জন্য হাসান তাকে পিটিয়ে মেরে ফেলেছে। এটা কেউ কল্পনাও করতে পারেনি। আজ থেকে আমার ছেলে-মেয়েরা এতিম হয়ে গেল। আমার স্বামীকে যে হত্যা করেছে, আমি তার বিচার চাই।
ঘটনার প্রত্যক্ষদর্শী মর্জিনা বেগম বলেন, শ্যামল মালী হাসানকে ভাইয়ের ধান কাটতে বলায় হঠাৎ রেগে গিয়ে পেছন থেকে গাছের ডাল দিয়ে মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই সে মারা যায়। ঘটনাটি আমার চোখের সামনে ঘটেছে। এমন তুচ্ছ ঘটনায় সে এভাবে আঘাত করবে আমরা কেউ ভাবতেই পারিনি।
মামলার বাদি নিহতের ভাই সুকুমল চন্দ্র মালী বলেন, সামান্য একটি তুচ্ছ কথাকে কেন্দ্র করে হাসান আলী আমার ভাইয়ের মাথায় আঘাত করে প্রকাশ্যে মেরে ফেলেছে। এতে আমরা সবাই হতবাক হয়েছি। রোববার বিকালে আমার ভাইয়ের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। আমি ভাই হত্যার দৃষ্টান্তমূলক বিচার চাই।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন রেজা বলেন, হাসান আলীকে ধান কাটার ক্যামলা বলায় সে ক্ষিপ্ত হয়ে মাথায় আঘাত করে শ্যামল চন্দ্র মালীকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহতের ভাই বাদি হয়ে থানায় হাসান আলীর বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। আমরা মুল আসামীকে গ্রেপ্তার করেছি। মরদেহটি ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।