সর্বশেষ সংবাদ :

বিশ্বকাপে যমজ ভাই নেদারল্যান্ডস ফুটবল মঞ্চ মাতাতে প্রস্তুত ‘টিম্বার ব্রাদার্স’

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ ফুটবল মানেই বিশ্বমঞ্চে নতুন সব কীর্তি আর রোমাঞ্চকর গল্পের জন্ম। ২০২৬ ফিফা বিশ্বকাপে ফুটবলপ্রেমীদের মাঝে আলাদা এক রোমাঞ্চের জন্ম দিতে যাচ্ছে ডাচ শিবির।
এবারের আসরে ডাচদের কমলারঙে রাঙাতে ফুটবল মাঠে একসাথে নামছেন দুই যমজ সহোদর — ইউরিয়েন টিম্বার ও কুইন্টেন টিম্বার। বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় এই মহাযজ্ঞে একই দেশের জার্সি গায়ে যমজ দুই ভাইয়ের খেলার ঘটনা বেশ বিরল, আর তাই ফুটবলপাড়ায় এখন মূল আকর্ষণের কেন্দ্রে রয়েছেন এই ‘টিম্বার ব্রাদার্স।’
টিম্বার ব্রাদার্স বেশি আলোচনায় এ কারণে যে, এই নেদারল্যান্ডস দলেই ১৯৭৪ ও ১৯৭৮ বিশ্বকাপে ছিলেন রেনে ও উইলি ভ্যান ডে কের্খফ নামের যমজ দুই ভাই। এরপর ১৯৯৪ ও ১৯৯৮ বিশ্বকাপে দলটিতে খেলেছেন দুই ভাই ফ্রাঙ্ক ডি বোর ও রোনাল্ড ডি বোর। ২৮ বছর পর সেই নেদারল্যান্ডস দলেই বিশ্বকাপে মাঠ মাতাতে নামবেন যমজ সহোদর।
টিম্বার ব্রাদার্সের জন্ম ২০০১ সালের ১৭ জুন। দুই ভাই শৈশব থেকেই একসঙ্গে ফুটবল খেলে আসছেন। তবে সময় যত গড়িয়েছে মাঠের পজিশনে এসেছে ভিন্নতা। ছোটবেলা থেকেই রক্ষণে দেয়াল তুলতে পটু ইউরিয়েন টিম্বার। প্রিমিয়ার লিগের ক্লাব আর্সেনালের হয়ে খেলা এই ডিফেন্ডার ডাচ রক্ষণভাগের অন্যতম প্রধান ভরসা। অন্যদিকে, কুইন্টেন টিম্বার নিজেকে প্রতিষ্ঠিত করেছেন একজন চতুর ও গতিশীল মিডফিল্ডার হিসেবে। ডাচ ক্লাব ফেইনুর্দের হয়ে ঘরোয়া লিগে দুর্দান্ত পারফর্ম করে তিনি নেদারল্যান্ডসের মাঝমাঠের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছেন।
নেদারল্যান্ডসের এই তিন জোড়া যমজ ছাড়াও ফুটবল ইতিহাসে যমজ ভাইদের একসঙ্গে বিশ্বকাপ মাতানোর নজির আরো রয়েছে। মিশরের হোসাম হাসান ও ইব্রাহিম হাসানের মতো তারকারা অতীতে যমজ ভাই হিসেবে বিশ্বকাপ মাতিয়েছেন। এবার সেই তালিকায় যুক্ত হলো টিম্বার ভাইদের নাম।
মাঠে দুই ভাইয়ের বোঝাপড়া নেদারল্যান্ডস দলকে বাড়তি সুবিধা দেবে বলে অনেকেই মনে করেন। ডিফেন্স থেকে ইউরিয়েনের নিখুঁত পাস আর মাঝমাঠে কুইন্টেনের আক্রমণাত্মক ফুটবল যেকোনো প্রতিপক্ষের জন্যই ভয়ের কারণ হতে পারে। ডাচ সমর্থকরা আশা করছেন, ডি বোর ভাইদের পর এই টিম্বার ব্রাদার্সের হাত ধরেই ডাচ ফুটবলের সোনালী অতীত আবারও ফিরে আসবে বিশ্বমঞ্চে। এবার দেখার বিষয়, এই যমজ জুটির রসায়নে ভর করে কতদূর যেতে পারে কমলা শিবির।
বিশ্বকাপে নেদারল্যান্ডস খেলবে ‘এফ’ গ্রুপে। তাদের গ্রুপের অন্য দলগুলো হলো- জাপান, সুইডেন এবং তিউনিসিয়া। ১৪ জুন জাপানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে নেদারল্যান্ডসের বিশ্বকাপ মিশনে। ২০ জুন তাদের দ্বিতীয় ম্যাচ সুইডেনের বিপক্ষে এবং গ্রুপের শেষ ম্যাচ ২৫ জুন তিউনিসিয়ার বিপক্ষে।


প্রকাশিত: জুন ৬, ২০২৬ | সময়: ৪:১৯ পূর্বাহ্ণ | সুমন শেখ