সর্বশেষ সংবাদ :

জিয়ার শাহাদাত বার্ষিকীর দিনে নাচ গান, বিএনপির দুই নেতা বহিস্কার

আক্কেলপুর প্রতিনিধি: বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীর দিনে দলীয় কর্মসূচি বর্জন করে অশ্লীল নাচ-গান ও আনন্দ উৎসবে মেতে ওঠার অভিযোগে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার সোনামুখী ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদককে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
রোববার জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান স্বাক্ষরিত এক বহিষ্কারপত্রে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বহিষ্কৃত নেতারা হলেন সোনামুখী ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুল আলম মিঠু এবং সাধারণ সম্পাদক মাহবুব আলম মেম্বার।
জেলা বিএনপির চিঠিতে বলা হয়েছে, ৩০ মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে সারা দেশে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলো নানা কর্মসূচি পালন করে। কিন্তু সোনামুখী ইউনিয়ন বিএনপির এই দুই নেতা দলীয় কোনো কর্মসূচিতে অংশ না নিয়ে জেলা বিএনপির নেতাদের ও স্থানীয় এমপির নাম ব্যবহার করে অশ্লীল নাচ-গান সহ আনন্দ উৎসবে মেতেছিলেন। তাদের এমন কর্মকাণ্ডকে ‘অসাংগঠনিক’ ও ‘দলের জন্য ক্ষতিকর’ বলে উল্লেখ করা হয়েছে।
চিঠিতে আরও বলা হয়, অশ্লীল কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা হিসেবে তাদের দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জানতে চাইলে সদ্য বহিষ্কৃত সোনামুখি ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুল আলম মিঠু অনুষ্ঠানে সভাপতিত্ব করা এবং অনুষ্ঠানে উপস্থিত থাকার বিষয়টি অস্বীকার করে বলেন, স্থানীয় যুব সমাজের আয়োজনে অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছিল। তারাই ব্যানারে জেলা বিএনপির নেতা ও এমপির নাম ব্যবহার করে অনুষ্ঠান করেছে। আমি অনুষ্ঠানে উপস্থিত ছিলাম না। এ বিষয়ে জেলা বিএনপির কমিটির কাছে আমরা ক্ষমা চেয়েছি।
উপজেলা বিএনপির সভাপতি কামরুজ্জামান কমল বলেন, শহীদ জিয়ার শাহাদাতবার্ষিকীর মতো গুরুত্বপূর্ণ দিনে তাদের সাংস্কৃতিক অনুষ্ঠান করা থেকে নিষেধ করা হয়েছিল। তারা সেটা অমান্য করে অশ্লীল নাচ-গানের আসর বসিয়েছিল। এ কারণে তাদের বহিষ্কার করা হয়েছে।
জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীর দিনে তারা দলীয় কোন কর্মসূচি পালন না করে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে অশ্লীল নাচ গান করেছে। যা অত্যন্ত দুঃখ জনক। তাদের এমন কর্মকাণ্ড দলের শৃঙ্খলা পরিপন্থী। একারণে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাদের বহিষ্কার করা হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, বহিষ্কারের বিষয়টি সংশ্লিষ্ট সাংগঠনিক ইউনিটগুলোকে অবহিত করা হয়েছে এবং ভবিষ্যতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আরও কঠোর অবস্থান নেওয়ার ইঙ্গিত দিয়েছে জেলা বিএনপি।


প্রকাশিত: June 1, 2026 | সময়: 4:00 am | সুমন শেখ

আরও খবর