সর্বশেষ সংবাদ :

১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে সৎ-বাবা গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, জয়পুরহাট: জয়পুরহাট শহরের আদর্শপাড়া এলাকায় ১২ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে সৎ বাবা লিটনকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। বর্তমানে ধর্ষিত শিশুটি জয়পুরহাট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ভুক্তভোগী পরিবার, শিশুর মা ও সদর থানায় দায়েরকৃত মামলা সূত্রে জানা গেছে, শিশুটির মা স্থানীয় একটি ছাত্রাবাসে রান্নার কাজ করেন। গত সপ্তাহে প্রতিদিনের মতো মা কাজে চলে গেলে ঘরে একা থাকার সুযোগে রিকসাচালক সৎ বাবা লিটন ১২ বছর বয়সী ওই শিশুকে জোরপূর্বক ধর্ষণ করে এবং বিষয়টি কাউকে না জানাতে বিভিন্ন রকম ভয়ভীতি দেখায়।
পরবর্তীতে গত ১৮ মে সৎ বাবা আবারও ঘরে ঢুকে কুপ্রস্তাব দিলে শিশুটি আতঙ্কিত হয়ে দৌড়ে মায়ের কর্মস্থল ছাত্রাবাসে গিয়ে মাকে সব ঘটনা খুলে বলে।
ভুক্তভোগীর ওই শিশুর মা অভিযোগ করে বলেন, লিটন মাদকাসক্ত। ঘটনার প্রতিবাদ করায় সে আমাকেও মারধর করেছে।
স্থানীয় প্রভাবশালীরা ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টার কারণে ওই শিশুর মা ও পরিবার শিশুকে নিয়ে প্রথমে হাসপাতালে যেতে পারেনি। পরে বৃহ¯পতিবার ২১ মে রাতে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে তাকে জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ও মেডিকেল অফিসার ডা. রায়হানুল আলম জানান, শিশুটিকে বর্তমানে গাইনি বিভাগে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। তার প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
জয়পুরহাট সদর থানার অফিসার ওসি নূরে আলম সিদ্দিকী জানান, খবর পেয়ে তাৎক্ষণিক ভাবে পুলিশ হাসপাতালে গিয়ে ভুক্তভোগী শিশুর খোঁজখবর নিয়েছে। অভিযুক্ত সৎ বাবা লিটনকে ইতোমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে।
ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় একটি লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে এবং তার ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


প্রকাশিত: মে ২৩, ২০২৬ | সময়: ৪:৩৯ পূর্বাহ্ণ | সুমন শেখ