, , ।
স্টাফ রিপোর্টার, পুঠিয়া: গোপন সূত্রে খবর ছিল আগেই। সেই মতো গভীর রাতে বানেশ্বর বাজারে পাতা হয় চেকপোস্ট। আর তাতেই মিলল সাফল্য। ঢাকাগামী যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৭৮ বোতল ফেনসিডিল সহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করলো র্যাব ৫।
র্যাব সূত্রে জানা গিয়েছে, রবিবার রাত প্রায় ১টা ২০ মিনিট নাগাদ বানেশ্বর বাজার এলাকায় অভিযান চালায় র্যাব-৫-এর একটি আভিযানিক দল। সে সময় রাজশাহী-নাটোর মহাসড়কে ঢাকাগামী দেশ ট্রাভেলস বাস থামিয়ে তল্লাশি চালানো হয়। যাত্রীবেশে অভিনব কায়দায় বহন করা হচ্ছিল ফেনসিডিলের বোতলগুলি। উদ্ধার হয় মোট ৭৮ বোতল ফেনসিডিল, যার মধ্যে ছিল ‘এস্কাফ’ ও ‘ফেয়ারডিল’ ব্র্যান্ডের সিরাপ।
ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয় দুই অভিযুক্তকে। ধৃতরা হল অলিউল ইসলাম জীবন এবং টিপু সুলতান। তাদের কাছ থেকে মাদক বিক্রির নগদ ১,৯৬০ টাকাও উদ্ধার হয়েছে বলে দাবি র্যাবের।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা দীর্ঘদিন ধরে রাজশাহী সহ দেশের বিভিন্ন এলাকায় ফেনসিডিল সরবরাহ ও বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে র্যাব। তদন্তকারীদের অনুমান, সীমান্তঘেঁষা এলাকা থেকে মাদক সংগ্রহ করে তা দেশের বিভিন্ন জেলায় পাচার করা হতো।
এই ঘটনায় পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। ধৃতদের আদালতে তুলে পুলিশি হেফাজতের আবেদন জানানো হতে পারে বলে সূত্রের খবর।