বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
রাণীনগর প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে সোমবার ভোরে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে নুয়ে পড়েছে হাজারো হেক্টর জমির পাকা ধান। ঝড়ে বিদ্যুৎ লাইনেরও ব্যাপক ক্ষতি সহ অসংখ্য গাছপালা ভেঙ্গে পরেছে। এছাড়া উড়ে গেছে অনেক ঘর বাড়ির টিনের চালা। এই ঝড়ে উপজেলা জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলা জুড়ে ১৮ হাজার ৭৫০ হেক্টর জমিতে ইরি-বোরো ধান চাষ করা হয়েছে। সোমবার ভোরে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় ৪ হাজার ৬৮৭ হেক্টর জমির পাকা ও আধা পাকা ধান নুয়ে পড়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, এতে পাকা ধানের তেমন ক্ষতি হবে না।
উপজেলার মিরাট গ্রামের কৃষক হামিদুল বলেন, ধান নুয়ে পড়ার কারণে একদিকে যেমন কাটা-মাড়াইয়ের খরচ বেড়ে যাবে অন্যদিকে আর একটু ভারি বৃষ্টি হলে নুয়ে পরা ধান পানির নিচে তলে যাবে এবং ভেজা ধানের বাজার মূল্যও কম হবে।
নওগাঁ পল্লীবিদ্যুৎ সমিতি ১-এর রাণীনগর জোনাল অফিসের ডিজিএম আবু হাসান বলেন, সোমবার ভোরে বয়ে যাওয়া ঝড়ে উপজেলার বেতগাড়ি এলাকায় মেইন লাইনের ২টি খুঁটি ভেঙ্গে গেছে। উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় আড়াই শতাধিক স্থানে গাছ ভেঙ্গে পরে বিদ্যুতের তার ছিড়ে গেছে। এসব লাইন মেরামতের কাজ চলছে।
বেতগাড়ি গ্রামের বাসিন্দা ইয়াকুব আলী বলেন, ঝড়ে বিদ্যুতের খুঁটি ভেঙ্গে যাওয়ায় ভোর থেকেই বিদ্যুত নেই। খাবারের পানি, মোবাইল, চার্জার ভ্যানে চার্জ এবং ফ্রিজের জিনিসপত্র নিয়ে চরম বিপাকে পরেছেন এলাকার মানুষ।
রাণীনগর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, ঝড়ে ক্ষতিগ্রস্থদের তালিকা এখনো পাওয়া যায়নি। তবে এলাকার জনপ্রতিনিধিদের মাধ্যমে তালিকা চাওয়া হয়েছে।