সর্বশেষ সংবাদ :

বাঘায় নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার,পরিবারের সন্দেহ হত্যা 

স্টাফ রিপোর্টার, বাঘা :
রাজশাহীর বাঘা উপজেলার মনিগ্রাম এলাকায় আজ মঙ্গলবার সকালে জাল টেনে নিখোঁজ এক ব্যক্তির লাশ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয়দের মধ্যে রহস্য ঘনীভূত হয়েছে। নিহত ব্যক্তি নাম সানাউল্লাহ ,পিতা: মৃত খলিল উদ্দিন সরকার। তার বাড়ি উপজেলার তুলসীপুর গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, তিনি প্রায় দুই বছর আগে মনিগ্রাম এলাকায় বাড়ি নির্মাণ করে বসবাস শুরু করেন। এর আগে তার বসতভিটা ছিল বেড় হাবাসপুর এলাকায়। গতকাল সন্ধ্যার পর থেকে তাকে কোন ভাবেই খুজে যাওয়া যাচ্ছিলনা। সকল আত্নীয়দের বাড়িতে খোঁজ নিয়েও তাকে পাওয়া যাইনি। তবে আজ মঙ্গলবার তার বাড়ির পাশে পুকুরে মাছ ধরার জন্য জেলেরা জাল নামালে তার মরাদেহ পাওয়া যায়। লোকজন বলছেন লাশের গলা এবং ঘাড়ে আঘাতের চিহৃ রয়েছে।

নিহত সানাউল্লাহর পরিবারের দাবি, জমিজমা সংক্রান্ত বিবাদের জের ধরে প্রতিপক্ষরা তাকে শ্বাসরোধ করে হত্যা করেছে। এরপর লাশটি গোপনে পুকুরে ফেলে দেওয়া হয়েছে । স্থানীয়রাও এমনটিই ধারণা করছেন।

এ বিষয়ে বাঘা থানা অফিসার ইনচার্জ(ওসি) সেরাজুল হক জানান , আমরা খবর পেয়ে লাশ থানায় নিয়ে এসেছি। কিছুক্ষনের মধ্যে ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। একই সঙ্গে ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে বলেও উল্লেখ করেন তিনি।

নুরুজ্জামান /শামি


প্রকাশিত: April 7, 2026 | সময়: 9:09 pm | Daily Sunshine