, , ।
স্টাফ রিপোর্টার: রাজশাহী-৫ আসনে উস্কানিমূলক বক্তব্য প্রদানের মাধ্যমে নির্বাচনি আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে। এই আসনের দায়িত্বপ্রাপ্ত নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি’র চেয়ারম্যান সিভিল জজ মোঃ মামুন নোটিশ প্রদান করেন।
বিএনপি সমর্থক মোঃ ইসলাম মন্ডল নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির নিকট অভিযোগ দাখিল করেছেন যে গত ৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় দূর্গাপুর উপজেলার নওপাড়া ইউনিয়নের নওপাড়া বাজারে অবস্থিত স্বতন্ত্র প্রার্থী মোঃ রেজাউল করিমের নির্বাচনি অফিসে এক বৈঠকে অভিযুক্ত মো: ইমরান হোসেন প্রতারণামূলক নির্বাচনী প্রচারের পরিকল্পনার সময় তার বক্তব্যে বলেন যে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়্যারম্যান তারেক রহমান অধ্যাপক নজরুল ইসলামকে কখনোই ‘ধানের শীষের’ প্রতীক তুলে দেননি, বরং বহিষ্কৃত প্রার্থী রেজাউল করিমকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের অনুমতি দিয়েছেন, যা সম্পূর্ন মিথ্যা ও অপপ্রচার। উক্ত অভিযোগের সমর্থনে অভিযোগকারী কমিটির নিকট উক্ত বক্তব্যের ভিডিও দাখিল করেন। লিখিত অভিযোগ, অভিযোগকারীর বক্তব্য ও দাখিলকৃত ভিডিও পর্যালোচনা অন্তে স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিমের সমর্থক মাহমুদ ইমরান হোসেনের প্রতি শোকজ নোটিশ ইস্যু করেন বিচারিক কমিটি।
অন্যদিকে অনলাইন নিউজ পোর্টাল পদ্মাটাইমস২৪ডটকমে ঘটনার পরেরদিন প্রকাশিত একটি ভিডিওতে বিএনপি’র কর্মী মাহবুবুর রহমান সান্টুকে নতুনভাবে জামায়াত হিসেবে পরিচয় প্রদানকারীদের ১২ তারিখের পর ছেড়ে দেয়া হবেনা মর্মে উস্কানিমূলক বক্তব্য প্রদান করতে দেখা যায়। উক্ত ভিডিওটি নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির দৃষ্টিগোচর হয় এবং কমিটি স্ব-উদ্যোগে উক্ত বিষয়টি আমলে নিয়ে মাহবুবুর রহমান সান্টুকে কারণ দর্শানোর নোটিশ ইস্যু করেছেন।
উভয়কেই আজ রবিবার নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির অস্থায়ী কার্যালয় তথা সিনিয়র সিভিল জজ আদালত, তানোরের কার্যালয়ে সশরীরে হাজির হয়ে কেন তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে না এ মর্মে লিখিতভাবে কারণ দর্শানোর নির্দেশ প্রদান করা হয়।