সর্বশেষ সংবাদ :

নসিমনের ধাক্কায় প্রাণ গেল বিএনপি নেতার

স্টাফ রিপোর্টার গোদাগাড়ী :

রাজশাহীর গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় মহিদুর রহমান বাক্কার নামে ইউনিয়ন বিএনপির এক সভাপতি নিহত হয়েছেন। রোববার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় দামকুড়া মোড়ে এ ঘটনা ঘটে।

গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাশির বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ছেন সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার সাবেক সামরিক সচিব মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) শরিফ উদ্দিন। রোববার তার ধানের শীষ প্রতীকের নির্বাচনী প্রচারণা ছিল। সেখানে অংশ নিয়েছিলেন মহিদুর রহমান বাক্কার। প্রচারণা শেষে তিনি নিজ বাসভবনের দিকে ফিরছিলেন। মাগরিবের আজানের সময় দামকুমড়া মোড়ে থানার পাশেই তার মোটরসাইকেলের সঙ্গে গরুবাহী নছিমন গাড়ির মুখোমুখি ধাক্কা লাগে। ফলে মাথায় থাকা হেলমেট ছিটকে পড়ে যায় এবং মহিদুর রহমান বাক্কার গুরুতর মাথায় আঘাতপ্রাপ্ত হন। প্রচণ্ড রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েকে রেখে গেছেন।

স্থানীয়রা জানান, বাক্কার জনবান্ধব একজন নেতা ছিলেন। গোদাগাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতির দায়িত্বে থাকাকালীন তিনি অনেক মানুষের কল্যাণে কাজ করেছেন। তিনি ধানের শীষের এমপি প্রার্থীর একনিষ্ঠ কর্মী ছিলেন। বাক্কারের মৃত্যুতে গোদাগাড়ী এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং তার অবদানকে স্মরণ করে এলাকাবাসী গভীর শ্রদ্ধা জানাচ্ছেন।

গোদাগাড়ী মডেল থানার ওসি হাসান বাশির বলেন, সড়ক দুর্ঘটনায় এক ইউনিয়ন বিএনপির সভাপতি নিহত হয়েছেন। এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। ঘটনাটি মর্মান্তিক। তিনি নির্বাচনী প্রচারণা শেষে বাসায় ফিরছিলেন। তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সাইফুল ইসলাম/শামি


প্রকাশিত: January 26, 2026 | সময়: 9:01 pm | Daily Sunshine