ঈশ্বরদীতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

ঈশ্বরদী প্রতিনিধি: ঈশ্বরদীতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। ৫ ডিসেম্বর সোমবার সকালে ঈশ্বরদী আবহাওয়া পর্যবেক্ষণাগার কার্যালয়ে এই তাপমাত্রা রেকর্ড করা হয়।
সকাল থেকে উত্তরের হিমেল বাতাস ও কুয়াশাজড়ানো প্রকৃতিতে হাড় কাঁপানো শীতে কাঁপছে ঈশ্বরদী সহ উত্তরের জেলাগুলো। সোমবার সারাদিন এখানে সূর্যের দেখা মেলেনি। ফলে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হয়নি বেশির ভাগ মানুষ। এতে স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন নিম্নআয়ের শ্রমজীবী মানুষেরা। তীব্র শীত উপেক্ষা করে তারা সংসার চালানোর জন্য সামান্য আয়ের আশায় শ্রম বিক্রি করেন।
ঈশ্বরদী আবহাওয়া পর্যবেক্ষণাগার কার্যালয়ের পর্যবেক্ষক নাজমুল হক বলেন, দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এর আগে রোববার ৪ জানুয়ারি ১০ ডিগ্রি, শনিবার ৯ ডিগ্রি, শুক্রবার ৮ দশমিক ৮ ডিগ্রি এবং বৃহস্পতিবার ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।
এদিকে শীতের কারণে ঈশ্বরদীতে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানা গেছে, গেছে ২৪ ঘণ্টায় ঠান্ডাজনিত রোগ সর্দিকাশি, নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে শতাধিক রোগি হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে শিশু ও বয়োবৃদ্ধের সংখ্যাই বেশি।


প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২৬ | সময়: ১২:৫৮ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর