সর্বশেষ সংবাদ :

বেগম রোকেয়াকে ‘কাফির, মুরতাদ’ বললেন রাবি শিক্ষক

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষক নারী জাগরণের পথিকৃত বেগম রোকেয়া শাখাওয়াত হোসেনকে ‘কাফির, মুরতাদ’ উল্লেখ করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ায় সমালোচনার জন্ম দিয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে নিজের ফেসবুক প্রোফাইলে একটি পোস্ট শেয়ার দেন রাবির পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক খন্দকার মাহমুদুল হাসান। সেখানে তিনি ক্যাপশনে লেখেন, “আজ মুরতাদ কাফির বেগম রোকেয়ার জন্মদিন।” পোস্টটি ছড়িয়ে পড়ার পরই সামাজিকমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে।
সাবেক শিক্ষার্থী এস এম আতিক মন্তব্য করেন, “৫ আগস্ট আমাদের বাকস্বাধীনতা এনে দিয়েছে। যার সুবাদে পদার্থবিজ্ঞানের শিক্ষকও এখন ফতোয়া দিতে পারেন।”
রাকসুর সাংস্কৃতিক সম্পাদক জায়িদ হাসান জোহা বলেন, “সবারই নিজস্ব দর্শন থাকে, আর তার মাপকাঠিও আলাদা। তবে এ ধরনের মন্তব্য প্রকাশ্যে না বলাই উত্তম বলে মনে করি। এর বেশি কিছু বলতে চাই না।”
শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিন বিশ্বাস এষা বলেন, “বেগম রোকেয়া পুরো উপমহাদেশেই নারী জাগরণের অগ্রদূত হিসেবে স্বীকৃত। তার কারণেই আমাদের নারীরা বর্তমানে পড়াশোনা, রাজনীতিসহ সকল ক্ষেত্রে নিজেদের যোগ্যতার স্বাক্ষর রাখছে। তাকে নিয়ে এই ধরনের মন্তব্য করা মানে গোটা নারী সমাজকেই হেয় করা। তার এই বক্তব্য কোনভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। “
এ বিষয়ে জানতে চাইলে সহযোগী অধ্যাপক খন্দকার মাহমুদুল হাসান বলেন, “যে পোস্টের ক্যাপশনে আমি এটি লিখেছি, সেই পোস্টেই বিস্তারিত সব ব্যাখ্যা আছে। আমার বক্তব্যের সত্যতা যাচাই করতে চাইলে কোনো ভালো আলেমের কাছে জানতে পারেন।”


প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২৫ | সময়: ১:৩১ পূর্বাহ্ণ | সুমন শেখ