সর্বশেষ সংবাদ :

বাঘায় এক ব্যবসায়ীকে হত্যার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার :

রাজশাহীর বাঘায় একজন ব্যবসায়ীকে প্রকাশ্য দিবালকে হত্যার হুমকি দেয়ার প্রতিবাদে রেজাউল করিম নামে এক প্রভাবশালী রাজনৈতিক নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে । রবিবার(২৮ সেপ্টেম্বর) সকালে স্থানীয় বাঘা প্রেসক্লাব কার্যালয়ে এসে জীবনের নিরাপত্তা চেয়ে ভুক্তিভুগী কীটনাশক ব্যবসায়ী রবিউল হাসান এই সংবাদ সম্মেলন করেন। এর আগে তিনি বাংলাদেশ সেনাবাহিনী চারঘাট ক্যাম্প কমান্ডারের কাছে লিখিত অভিযোগ করেও কোন সমাধান পাননি বলে উল্লেখ করেন।

 

সংবাদ সম্মেলনে রবিউল হাসান তার লিখিত বক্তব্যে বলেন, বাউসা পূর্বপাড়া গ্রামের মৃত অয়েজ উদ্দিনের ছেলে বাউসা ভোকেশনাল ইন্সটিটিউটের অধ্যক্ষ ও বাউসা ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম তার প্রতিষ্ঠানে ‘ল্যাব এ্যাসিসট্যান্ড’পদে চাকরি দেওয়ার নামে তার কাছ থেকে ৪ লাখ ৭৫ হাজার টাকা নেন। এছাড়া তিনি অসুস্থ হওয়ার কারণে চিকিৎসার জন্য আরো ২ লাখ ৭৫ হাজার টাকা-সহ পর্যায় ক্রমে ঐ ব্যক্তির কাছে ৭ লাখ ৫০ হাজার টাকা নেন। পরবর্তীতে এই টাকা ফেরত চাইলে উল্টো অকথ্য ভাষায় রবিউল হাসানকে গালিগালাজ ও ভয়ভীতি-সহ তাকে হুমকি প্রদান করেন করেন রেজাউল করিম।

রবিউল হাসান তার লিখিত বক্তব্যে আরো বলেন, আমি বর্তমানে নিরুপায় হয়ে পড়েছি। বিএনপি নেতা রেজাউল করিমের ভয়ে গত প্রায় একমাস আমার ব্যবসা প্রতিষ্ঠানে যেতে পারিনি। সর্বশেষ ২২ আগষ্ট রেজাউল করিম আমার কাছে আরো ৩ লাখ টাকা দাবি করেছেন। এ টাকা না দিতে পারলে কাফনের কাপড় রেডি করে রাখারও হুমকি দিয়েছেন । পরবর্তীতে আমার কাছে থেকে কোন টাকা না পাওয়ায় ২ সেপ্টেম্বর আমার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করে চাচাতো ভাই শামীম উদ্দীন ও পিতা আবু তাহেরকে মারধর করেছেন তিনি ও তার লোকজন ।

ব্যবসায়ী রবিউল ইসলাম জানান, আমি নিরুপায় হয়ে ২ সেপ্টেম্বর এ বিষয়ে বাংলাদেশ সেনাবাহিনী ও চারঘাট ক্যাম্প কমান্ডারের কাছে বিএনপি নেতা রেজাউল করিমের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছি।কিন্তু অদ্যাবধি কোন ব্যবস্থা গ্রহন করা হয়নি। নিরুপায় হয়ে জনতার চোখ ও দেশের কলম সৈনিক স্থানীয় গণমাধ্যম কর্মীদের স্মরণাপন্ন হয়েছি। তিনি এ বিষয়ে সরকারের উর্ধতন কতৃপক্ষ সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উর্ধতন নেতাদের সু-দৃষ্টি কামনা করেছেন।

 


প্রকাশিত: September 28, 2025 | সময়: 9:15 pm | Daily Sunshine