শারদীয় দুর্গাপূজা ঘিরে আরএমপির নিষেধাজ্ঞা

স্টাফ রির্পোটার: হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে আতশবাজি, পটকা ফুটানো, সকল প্রকার অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য বহন এবং পূজামণ্ডপের আশেপাশে ও প্রতিমা বিসর্জনকালে মাদক ও নেশাজাতীয় দ্রব্য সেবন নিষিদ্ধ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।
আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত দুর্গাপূজা চলাকালীন সময়ে অস্ত্র বহন, আতশবাজি, পটকা ফুটানো, বিস্ফোরক দ্রব্য বহন, সংরক্ষণ, ক্রয়-বিক্রয় ও ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে পূজামণ্ডপ ও এর আশপাশে এবং প্রতিমা বিসর্জনকালে কোনো প্রকার মাদকদ্রব্য হেরোইন, প্যাথেডিন, গাঁজা, ইয়াবা, ফেনসিডিল, দেশি-বিদেশি মদ, স্পিরিট/অ্যালকোহল ও অন্যান্য নেশাজাতীয় দ্রব্য সেবন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
এ ছাড়া পূজা বিসর্জনের দিন উচ্চস্বরে মাইক বাজানো ও গান-বাজনাও নিষিদ্ধ করা হয়েছে। আরএমপি জানিয়েছে, আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আরএমপি পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।


প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২৫ | সময়: ১:০২ পূর্বাহ্ণ | সুমন শেখ