বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার, জয়পুরহাট: শারদীয় দূর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও সার্বিক পরিস্থিতি সুষ্ঠু-শান্তিপুর্ন রাখতে জয়পুরহাটে সাংবাদিকদের সাথে পুলিশ সুপারের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে পুলিশ সুপারের সভাকক্ষে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব বলেন, ‘দূর্গাপূজা বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। পুজা উৎসবকে ঘিরে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য গণমাধ্যম কর্মীদের সহযোগিতা অপরিহার্য।’
তিনি আরো জানান, দূর্গাপূজার সময় প্রতিটি মন্ডপে নিরাপত্তা জোরদার করা হবে। জেলা ও উপজেলা পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থায় থাকবে। এ ছাড়া মন্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপন, টহল পুলিশ ও ভ্রাম্যমাণ দল সার্বক্ষণিক নজরদারি চালাবে।
তিনি আরও বলেন, প্রশাসন ও সাংবাদিকদের যৌথ প্রচেষ্টার মাধ্যমে জয়পুরহাটে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দূর্গাপূজা অনুষ্ঠিত হবে।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আরিফ হোসেন, জয়পুরহাট প্রেসক্লাব সভাপতি আবু বকর সিদ্দিক, সহ-সভাপতি মাশরেকুল আলম, সিনিয়র সাংবাদিক আব্দুল আলীম, সুজন কুমার মন্ডল প্রমুখ।
সভায় বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। সঠিক তথ্য তুলে ধরে তারা জনসচেতনতা সৃষ্টি করেন। তাই উৎসব মুখর পরিবেশ বজায় রাখতে সংবাদকর্মীদের ইতিবাচক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।