সর্বশেষ সংবাদ :

নওগাঁয় ১৯৩ কেজি গাঁজা ও অস্ত্রসহ একজন গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, নওগাঁ: নওগাঁর মান্দায় ১৯৩.৩ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫ এর সদস্যরা। এ সময় তার কাছ থেকে আরও ২১ বোতল ফেন্সিডিল এবং ৪টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে র‌্যাব-৫ নাটোর ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এরআগে রোববার দিবাগত রাত আড়াইটার দিকে মান্দা উপজেলার উত্তর শ্রীরামপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ওই ব্যাক্তির নাম আলম ইসলাম (৩২)। সে মান্দা উপজেলার শ্রীরামপুর গ্রামের আলাউদ্দিন মন্ডলের ছেলে।
র‌্যাব-৫ নাটোর ক্যাম্প থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাব-৫ এর কাছে খবর আসে মান্দা উপজেলার উত্তর শ্রীরামপুর এলাকায় অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে রাত আড়াইটার দিকে উপজেলার গনেশপুর ইউনিয়নের উত্তর শ্রীরামপুর গ্রামে একটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আলম ইসলাম নামে এক মাদক ব্যবসায়ীকে বিপুল পরিমাণ মাদক সহ আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১৯৩.৩ কেজি গাঁজা, ২১ বোতল ফেন্সিডিল এবং ৪টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গ্রেপ্তার আলম একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবত অবৈধ মাদকদ্রব্য গাঁজা ও ফেন্সিডিল সহ বিভিন্ন ধরণের মাদক অজ্ঞাত স্থান হতে সংগ্রহ করে নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় পাইকারী ভাবে বিভিন্ন মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রয় করে আসছিলেন। তার বিরুদ্ধে মান্দা থানায় মাদক আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।


প্রকাশিত: আগস্ট ১৯, ২০২৫ | সময়: ৪:২০ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর