সর্বশেষ সংবাদ :

পিএসসি ও ইউজিসিতে রাবি’র প্রতিনিধিত্ব নিশ্চিত করাসহ ৫ দাবিতে শিক্ষা উপদেষ্টাকে স্মারকলিপি

রাবি প্রতিনিধি:

পিএসসি ও ইউজিসিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করাসহ পাঁচ দফা দাবিতে শিক্ষা উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

 

রবিবার (৬ জুলাই) শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরারের কাছে শিক্ষার্থীদের পক্ষ থেকে এ স্মারকলিপি দেন রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, রাবির সাবেক সমন্বয়ক মেহেদী সজীব।

 

প্রথম তিনটি দাবি হলো- বিশ্ববিদ্যালয়ের বাজেট বরাদ্দ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করে বিশ্ববিদ্যালয় পরিচালনার জন্য প্রতিবছর যে বার্ষিক বাজেট বরাদ্দ দেওয়া হয়, তা প্রয়োজন অনুপাতে অপ্রতুল। অবকাঠামো বৃদ্ধি, আইসিটি সুবিধা, স্বাস্থ্যসেবা, পরীক্ষায় ডিজিটালাইজেশনসহ সবকিছুর জন্যই বাজেট বাড়ানো অত্যন্ত জরুরি; গবেষণাখাতে প্রণোদনা ও নির্দিষ্ট খাতে বরাদ্দ দিতে হবে এবং পিএসসি ও ইউজিসিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে।

 

অন্য দুইটি দাবি হলো- পূর্ণাঙ্গ আবাসনের রূপরেখা প্রকাশ ও নতুন হল নির্মাণ করতে অর্থনৈতিক সহায়তা নিশ্চিত করতে হবে। ৩০ হাজার শিক্ষার্থীর বিপরীতে আবাসিক হল রয়েছে ১৯টি (দুইটি নির্মাণাধীন, ১টি আন্তর্জাতিক ডরমেটরি), যা মোট শিক্ষার্থীর ৩৫%-এর চেয়ে কম আবাসন নিশ্চিত করে। এছাড়া জোহা দিবসকে (১৮ ফেব্রুয়ারি) ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণা করতে হবে। যাতে করে দেশ ও জাতির কল্যাণে আত্মদান করার এ স্বীকৃতি শিক্ষক ও শিক্ষার্থী সমাজকে অনুপ্রাণিত করে।

স্মারকলিপিতে শিক্ষার্থীরা জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অন্যতম প্রাচীন ও দ্বিতীয় বৃহত্তম পাবলিক বিশ্ববিদ্যালয়। প্রায় ৩০ হাজার শিক্ষার্থী, হাজারের অধিক শিক্ষক, ১২টি অনুষদ, ৬টি ইনস্টিটিউট ও ৫৯টি বিভাগ নিয়ে এ প্রতিষ্ঠানটি দেশের উচ্চশিক্ষা ও গবেষণার গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে বিবেচিত।

বিগত ষোল বছরের ফ্যাসিবাদি শাসনামলে অর্থনৈতিক, দলীয় রাজনৈতিক, অবকাঠামোগত ও নীতিগত নানা কৃত্রিম সংকট তৈরি করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রমকে ব্যাহত হয় যা আমাদেরকে গভীর উদ্বিগ্নতায় ফেলেছিল। ফলত, কোটাসহ এসব বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন গড়ে উঠে।

নাজমুল /শামি


প্রকাশিত: July 6, 2025 | সময়: 10:18 pm | Daily Sunshine