সর্বশেষ সংবাদ :

বড়াইগ্রামে কর্মশালায় বক্তারা তামাক সেবনে দেশে বছরে এক লাখ ৬১ হাজার মানুষের মৃত্যু

বড়াইগ্রাম প্রতিনিধি: দেশে তামাক ব্যবহারজনিত রোগে প্রতি বছর এক লাখ ৬১ হাজার মানুষের প্রাণহানীর ঘটনা ঘটছে। দেশে কর্মস্থলে কাজ করেন এমন প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠীর ৪২.৭ শতাংশ এবং গণপরিবহনে যাতায়াতের সময় ২৪ শতাংশ মানুষ পরোক্ষ ধুমপানের শিকার হন। এছাড়া প্রায় ৬১ হাজার শিশু পরোক্ষ ধুমপানজনিত বিভিন্ন অসুখে ভোগে। দেশে ধোঁয়াযুক্ত তামাক ব্যবহারকারী এক কোটি ৯২ লাখ এবং ধোঁয়ামুক্ত তামাক ব্যবহারকারীর সংখ্যা দুই কোটি ২০ লাখ ব্যক্তি। ধুমপানে মৃত্যুর ঝুঁকির পাশাপাশি হৃদরোগ, স্ট্রোক, ফুসফুস ও কন্ঠনালীর ক্যান্সার এবং ব্রঙ্কাইটিস রোগে আক্রান্ত হওয়ার সমুহ আশঙ্কা থাকে। মঙ্গলবার নাটোরের বড়াইগ্রামে দিনব্যাপী তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মশালায় এসব তথ্য জানান বক্তারা।
উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মলয় কুমার কুন্ডু। কর্মশালায় উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন সুলতানা, বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সারওয়ার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম আকতার ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা রেজাউল করিম বক্তব্য রাখেন। কর্মশালায় তামাক নিয়ন্ত্রণ টাস্কফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তারা অংশ নেন।


প্রকাশিত: June 25, 2025 | সময়: 4:28 am | সুমন শেখ