সর্বশেষ সংবাদ :

জয়পুরহাটে পরিবার পরিকল্পনা পদ্ধতি ব্যবহারকারীর হার ৮৩ ভাগ ছাড়িয়েছে

স্টাফ রিপোর্টার: বাংলাদেশের অন্যতম ছোট জেলা জয়পুরহাটে সক্ষম দম্পতিদের ৮৩ দশমিক ২৩ ভাগ পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণ করেছে। এ জেলার ২ লক্ষ ১৫ হাজার ৩৪৩ সক্ষম দম্পতির মধ্যে ১ লক্ষ ৭৯ হাজার ২৩২ দম্পতি পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণ করেছে। এই হার জাতীয় হার অপেক্ষা ৫ শতাংশ বেশি- এমন তথ্য জানিয়েছে জয়পুরহাট জেলা পরিবার পরিকল্পনা দপ্তর।
জেলা পরিবার পরিকল্পনা দপ্তরের উপপরিচালক মো. কামাল হোসেন জানান, সর্বশেষ জরিপ (এসভিআরএস-২০২৩) অনুসারে দেশের মোট প্রজনন হার ২ দশমিক ১৭ ভাগ এবং রাজশাহী বিভাগের এ হার ২ দশমিক ১৪ ভাগ। সেখানে জয়পুরহাটে ২ শতাংশের নিচে রয়েছে মোট প্রজনন হার। এই হার কম হওয়ায় জেলাটিতে জনসংখ্যা বৃদ্ধির হার এখন দশমিক ৯৫ শতাংশ যেখানে জাতীয় হার ১ দশমিক ২২ শতাংশ।
তিনি জানান, জয়পুরহাটের জন্মনিয়ন্ত্রণ পদ্ধতিতে অপূর্ণ চাহিদা ৫ শতাংশের বেশি হবে না এবং ড্রপ আউটও এ জেলাতে তুলনামূলক কম। অপূর্ণ চাহিদা ও ড্রপ আউট আরও কমিয়ে আনার লক্ষ্যে জয়পুরহাট জেলা পরিবার পরিকল্পনা দপ্তর আন্তরিকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে তিনি মন্তব্য করেন।
দপ্তরটির জুলাই/২৪ থেকে এপ্রিল/২৫ মেয়াদের তথ্য মতে, জেলার জন্মনিয়ন্ত্রণের অস্থায়ী পদ্ধতি গ্রহণকারীদের ৩৮ দশমিক ৮৩ শতাংশ খাবার বড়ি, ৭ দশমিক ৫৮ শতাংশ কনডম এবং ১২ দশমিক ৫৩ শতাংশ ইনজেকশন ব্যবহার করে। এসময়ে দীর্ঘমেয়াদি পদ্ধতির অংশ হিসেবে এ দপ্তর থেকে ৭৬৮ জনকে আইইউডি ও ২ হাজার ৪০২ জনকে ইমপ্ল্যান্ট পদ্ধতির আওতায় আনা হয়েছে। এছাড়া ২৫৩ জন মহিলা ও ৩৮৫ জন পুরুষ এ দপ্তর থেকে স্থায়ী পদ্ধতি গ্রহণ করেছে।


প্রকাশিত: May 23, 2025 | সময়: 4:29 am | সুমন শেখ