সর্বশেষ সংবাদ :

রাজশাহীতে স্কুলছাত্রী অপহরণ, দুইজন গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার: রাজশাহীর মতিহার থানা এলাকায় অপহরণ মামলার মূলহোতা ও সহযোগীসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। অভিযান পরিচালনাকালে নিখোঁজ হওয়া নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়।
র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, ১৮ মে সকাল সাড়ে ১০ টার দিকে কাশিয়াডাঙ্গা থানাধীন কালেক্টরেট পার্ক এলাকায় বিশেষ অভিযান চালিয়ে অপহরণের মূল হোতা আব্দুল্লাহ আল মুবিন ও তার সহযোগী রবিউল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তারা দুজনেই নাটোর সদর উপজেলার লোচনগর খামারপাড়া এলাকার বাসিন্দা। অভিযানকালে উদ্ধার করা হয় অপহৃত স্কুলছাত্রী এবং জব্দ করা হয় দুটি মোবাইল ফোন ও দুটি সিম কার্ড।
অপহরণ ঘটনাটি ঘটেছিল ১৩ এপ্রিল, যখন ওই নবম শ্রেণির ছাত্রী কোচিংয়ে যাওয়ার পথে মতিহার থানাধীন মসজিদ মিশন একাডেমি স্কুলের সামনে থেকে পূর্বপরিচিত এক যুবক আকাশ ও তার সহযোগীরা বিয়ে করার প্রলোভন দেখিয়ে তাকে সিএনজিতে তুলে নিয়ে যায় এবং এক অজ্ঞাত স্থানে অপহরণ করে।
অপহরণের পর ভিকটিমের মা ১৮ এপ্রিল মতিহার থানায় একটি মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তার নির্দেশে র‌্যাব-৫ ও সিপিএসসি রাজশাহীর আভিযানিক দল বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৮ মে সকালে অপহরণের মূল আসামী আকাশ ও সহযোগী রবিউল ইসলামকে গ্রেপ্তার ও ভিকটিমকে উদ্ধার করে। গ্রেপ্তারকৃত আসামী ও উদ্ধারকৃত ভিকটিমকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মতিহার থানায় হস্তান্তর করা হয়েছে।


প্রকাশিত: May 20, 2025 | সময়: 4:11 am | সুমন শেখ