, , ।
স্টাফ রিপোর্টার: বায়ার ক্রপসায়েন্স লি. এর চেক জালিয়াতির মামলায় মোহনপুরের ব্যবসায়ীকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার রাতে গোপন তথ্যের মাধ্যমে মোসলেম নামের ওই ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, চেক জালিয়াতির মামলায় হাজির না হওয়ায় আসামি মোসলেম উদ্দিনের অনুপস্থিতিতেই রায় দিয়েছিলেন আদালত। দোষী সাব্যস্ত করে তাঁকে দেওয়া হয়েছিল এক বছরের কারাদণ্ড। পাশাপাশি জরিমানা করা হয় ৬০ লাখ টাকা। এ দণ্ড মাথায় নিয়েই সাত বছর লাপাত্তা ছিলেন তিনি। অবশেষে রাজশাহীর মোহনপুর থানা-পুলিশের অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়।
মোসলেম উদ্দিন মোহনপুর উপজেলার মহব্বতপুর গ্রামের আবদুস সাত্তারের ছেলে। বুধবার দিবাগত রাতে তাঁকে ঢাকার সাভার থেকে গ্রেপ্তার করা হয়। পরে বৃহস্পতিবার সকালে তাঁকে রাজশাহী এনে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান।
ওসি জানান, মোসলেম উদ্দিন একজন ব্যবসায়ী। ২০১৮ সালের ৫ মার্চ চেক জালিয়াতির মামলায় আদালতে তাঁর এক বছরের কারাদণ্ড হয়। পাশাপাশি তাঁকে ৬০ লাখ টাকা জরিমানা করেন আদালত। তখন থেকেই পলাতক ছিলেন মোসলেম। অবশেষে সাভার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। এরপর আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।