সর্বশেষ সংবাদ :

স্থল বন্দরের নানা সমস্যা নিয়ে সংবাদ সম্মেলন করেছে হিলি সিএন্ডএফ আ্যসোসিয়েশন

হিলি প্রতিনিধিঃ

দিনাজপুরের হিলি স্থলবন্দরে পণ্য আমদানি-রপ্তানিতে বাধা দূরীকরণসহ বিভিন্ন সমস্যা নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ মে) দুপুরে হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃপক্ষ তাদের নিজস্ব কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

 

সংগঠনটির সভাপতি মো. ফেরদৌস রহমান বলেন, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ থেকে হিলি স্থলবন্দরের বেসরকারি ওয়্যারহাউজ লিজ নিয়ে ‘পানামা হিলি পোর্ট লিংক লিমিটেড’ তাদের কার্যক্রম পরিচালনা করছে। কিন্তু তারা লিজের শর্ত না মেনে পণ্য লোড-আনলোডের ক্ষেত্রে বৈষম্য তৈরি করছে। এর ফলে ব্যবসায়ীদের পণ্য লোড-আনলোডে অতিরিক্ত ব্যয় হচ্ছে। স্থলবন্দরের অভ্যান্তরের দুটি পণ্য মাপার স্কেল নষ্ট থাকার কারণে পণ্যের ওজন কমবেশি হচ্ছে এবং শ্রমিকদের ন্যায্যমূল্য দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ তুলে ধরা হয় সংবাদ সন্মেলনে। এ ছাড়া পণ্যের এইচএস কোড নির্ধারণে কাস্টমসের দ্বৈতনীতির কারণে বন্দরে দিনদিন পণ্য আমদানি-রপ্তানির হার অনেক কমে গেছে।

 

সংবাদ সম্মেলনে ফেরদৌস রহমান আরও বলেন, সরকারকে এসব বৈষম্য দূর করে ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি ও অনিয়ম বন্ধে পদক্ষেপ নিতে হবে। না হলে ব্যবসায়ীরা আর্থিকভাবে চরম ক্ষতিগ্রস্ত হবে। সমস্যাগুলোর দ্রুত নিরসন করা না গেলে ব্যবসায়ীরা এক সময় হিলি বন্দর থেকে মুখ ফিরিয়ে নেবে।

ফলে কয়েক হাজার শ্রমিক বেকার হয়ে পড়বে এবং ব্যবসায়ীরা পথে বসবে বলেও মন্তব্য করেন তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক শাহীনুর ইসলাম মন্ডল, সহ-সভাপতি মশফিকুর রহমান, সিএম মানিক মিয়াসহ অনেকেসহ অনেকে।

সানশাইন/ইমরুল কায়েস/শামি


প্রকাশিত: May 12, 2025 | সময়: 8:31 pm | Daily Sunshine