সর্বশেষ সংবাদ :

রাজশাহীতে প্রথমবার কোন কলেজ ছাত্রদলের সম্পাদক হলেন একজন নারী শিক্ষার্থী

স্টাফ রিপোর্টার: রাজনীতিতে তৃণমূল পর্যায়ে নারীর অংশগ্রহণ যেখানে সীমিত- সেখানে কলেজ ছাত্রদলের কমিটিতে সাধারণ সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ পদে এক নারী শিক্ষার্থীকে স্থান দিয়েছে রাজশাহী জেলা ছাত্রদল। এই জেলায় প্রথমবারের মতো নতুন কলেজ কমিটির সাধারণ সম্পাদক হয়েছেন মোহনপুর উপজেলার ধোপাঘাটা ডিগ্রি কলেজের মানবিক বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী আঞ্জুমান রহমান নিশাদ।
বুধবার (৩০ এপ্রিল) রাতে জেলা ছাত্রদলের আহ্বায়ক এসএম সালাউদ্দিন আহমেদ শামীম সরকার ও সদস্য সচিব আল আমিন হোসেনের স্বাক্ষরিত কমিটি সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি ফেসবুকে ছড়ালে এ তথ্য জানা যায়।
নারী শিক্ষার্থীদের নিয়ে ইতিবাচক চিন্তা চেতনা এবং কমিটিতে অগ্রাধিকার দেওয়ায় প্রশংসায় ভাসছেন বর্তমান রাজশাহী ছাত্রদলের জেলা শাখার আহ্বায়ক ও সদস্য সচিব। কমিটি ঘোষণার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তা ভাইরাল হয়। ফলে ঘটনাটি আলোচনার কেন্দ্র বিন্দুতে পরিণত হয়েছে পুরো জেলায়।
খোঁজ নিয়ে জানা গেছে, গত ৩০ এপ্রিল রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক ও সদস্য সচিব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি অনুমোদন দেওয়া হয়। ছাত্রদলের সদস্যসচিব নিজের ফেসবুকে শেয়ার করলে বিষয়টি সকলের নজরে আসে। কমিটিতে ধোপাঘাটা ডিগ্রি কলেজের শিক্ষার্থী আঞ্জুমান রহমান নিশাদকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
কলেজ ছাত্রদলের ১১ সদস্যবিশিষ্ট কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সভাপতি পদে নোমান শাহ, সহ-সভাপতি পদে মাহমুদ হাসান লিখন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে শিশির ও সাংগঠনিক সম্পাদক পদে মাহফুজ জয় নির্বাচিত হয়েছেন। এছাড়াও সদস্য পদ পেয়েছেন রিফাত মাহমুদ, মাসুম রানা, সবুজ, মনিরুল ইসলাম, ইশতিয়াক আহমেদ লিয়ন, সাকলাইন। তাঁদের ২১ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
কমিটিতে স্থান পাওয়া নিয়ে প্রতিক্রিয়া জানাতে চাইলে আঞ্জুমান রহমান নিশাদ বলেন, সারা দেশেই রাজনৈতিকভাবে নারীরা পিছিয়ে ছিল। কিন্তু জুলাই আগস্টের বিপ্লব আমাদের নারীদের শিখিয়ে গেছে, নারীরা চাইলেই যে সব কিছু করতে পারে। ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের নেপথ্যে কিন্তু নারীদের ভূমিকা ছিল সবার আগে। তা ছাড়া আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও চাইছেন নারী নেতৃত্ব এগিয়ে আসুক। আমার বাবা একজন বিএনপির সক্রিয় কর্মী, তাই পারিবারিকভাবে উৎসাহ পেয়েছি।
তিনি আরও বলেন, আমাকে কমিটিতে স্থান করে দেওয়ার জন্য বর্তমান জেলা ছাত্রদলের কমিটি নেতৃবৃন্দের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। কমিটি গঠনের পর থেকে নেট দুনিয়ায় এই কমিটি ভাইরাল হয়। এই কমিটি ভাইরাল হওয়ার পর থেকে বিজ্ঞজনেরা বাহবা দিচ্ছে। তবে আমার বক্তব্য স্পষ্ট, সব বাধা বিপত্তিকে ওভারকাম করে আমি সামনের দিকে এগিয়ে যাবো।
এদিকে ছাত্রদলের এই নতুন কমিটি নিয়ে জানতে চাইলে কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি জহির আহম্মেদ রায়হান বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান এর রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার অন্যতম একটি দফা হচ্ছে- নারীর মর্যাদা সুরক্ষা ও ক্ষমতায়নে যথাযথ পদক্ষেপ গ্রহন করা।
সুতরাং নারীদের পিছিয়ে রাখার কোনও সুযোগ নেই। বিগত সময়ে আন্দোলন সংগ্রামে নারীরা তা প্রমাণ করে দেখিয়ে দিয়েছে- তারা আর পিছিয়ে নেই। পুরুষদের পাশাপাশি নারীরাও বিএনপির সব কর্মকাণ্ডে এগিয়ে থাকবে, এগিয়ে যাবে, এটাই আমাদের নেতা তারেক রহমানের নির্দেশনা।
জানতে চাইলে জেলা ছাত্রদলের সদস্য সচিব আল আমিন হোসেন বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারপারসন, যিনি ১৯৯১ সাল থেকে তিনবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নির্বাচিত নারী সরকার প্রধান। তাই দলের নির্দেশনা অনুযায়ী, নারী শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। নতুন নেতৃত্ব শিক্ষাপ্রতিষ্ঠানে গণতান্ত্রিক চর্চা ও সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করবে।


প্রকাশিত: May 3, 2025 | সময়: 4:11 am | সুমন শেখ