সর্বশেষ সংবাদ :

রাজশাহীতে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন

স্টাফ রিপোর্টার: উৎসব মুখর পরিবেশে রাজশাহী জেলায় জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৫ উদযাপিত হয়েছে। সোমবার দিবসটি উদযাপনে রাজশাহী জেলা লিগ্যাল এইড কমিটি ও অন্যান্য সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের উদ্যোগে সম্মিলিতভাবে বিভিন্ন কর্মসূচী গৃহীত হয়। সকালে র‌্যালির মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
র‌্যালিটি জেলা ও দায়রা জজ আদালত চত্ত্বর থেকে শুরু হয়ে ডিসি অফিস মোড় ঘুরে জেলা ও দায়রা জজ আদালত চত্ত্বরে এসে শেষ হয়। র‌্যালিতে রাজশাহীতে কর্মরত সকল বিচারক, আইনজীবী সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক, বিজ্ঞ জিপি, বিজ্ঞ পিপি, প্যানেল আইনজীবীগণ, সুবিধাভোগীগণ, বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠণসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন। র‌্যালির পর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় লিগ্যাল এইড দিবসের তাৎপর্য সম্পর্কে মুক্ত আলোচনা ও আইন সহায়তা কার্যক্রম সম্পর্কে মূল্যবান মতামত প্রদান করা হয়। আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন রাজশাহীর জেলা লিগ্যাল এইড অফিসার (বিজ্ঞ সিনিয়র সহকারী জজ) জনাব মোঃ আরিফুল ইসলাম। তিনি জাতীয় আইনগত সহায়তা দিবসের তাৎপর্য এবং রাজশাহী জেলায় সরকারী আইন সহায়তা কার্যক্রমের অগ্রগতি ও ধারাবাহিক কর্মকাণ্ড তুলে ধরেন। তিনি বলেন রাজশাহী জেলা লিগ্যাল এইড অফিস হতে এপ্রিল, ২০২৫ পর্যন্ত ১৬,১২৪ টি মামলায় সহায়তা প্রদান করা হয়েছে, যার মধ্যে মামলা নিস্পত্তি হয়েছে- ১২,৩৫২ টি, মামলা চলমান আছে-৩,৩৭২ টি। ২০১৭ সাল হতে এপ্রিল, ২০২৫ পর্যন্ত ৪,৭২৭ জন আইনি পরামর্শ গ্রহণ করেছে। ২০১৬ সাল হতে এপ্রিল, ২০২৫ পর্যন্ত বিকল্প পদ্ধতিতে বিরোধ নিষ্পত্তির জন্য (এডিআর) আবেদন করেছেন- ২,২০৫ জন। যার মধ্যে নিস্পত্তি হয়েছে-২,০৬৬ টি, চলমান রয়েছে- ১৩৭ টি এবং এডিআর এর মাধ্যমে টাকা আদায় করা হয়েছে- ৩ কোটি ৬২ লাখ ৮৪ হাজা ৫৭ টাকা।
সভাপতির সমাপনী বক্তব্যে জেলা আইনগত সহায়তা প্রদান কমিটির চেয়ারম্যান সিনিয়র জেলা ও দায়রা জজ গোলক চন্দ্র বিশ্বাস সরকারি আইনগত সহায়তা বিষয়ে বর্তমান সরকারের ভূমিকা তুলে ধরেন। তিনি বলেন, দরিদ্র জনগণের প্রতি বর্তমান সরকারের প্রতিশ্রুতির অংশ হিসেবে সরকার সকল জেলায় লিগ্যাল এইড অফিস স্থাপন করেছে।
দরিদ্র জনগণের আইনী সহায়তা প্রাপ্তি সহজতর করার লক্ষ্যে সরকার লিগ্যাল এইড অফিসার, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, বেঞ্চ সহকারী, জারিকারক, পিয়ন ও পরিচ্ছন্নতাকর্মী পদ সৃষ্টি করেছে। জেলা ও দায়রা জজ মহোদয় লিগ্যাল এইড কার্যক্রমে সকলের অংশগ্রহণ জরুরী বলে জানান এবং দরিদ্র মানুষের আইনগত অধিকার প্রাপ্তিতে সকলকে তাদের নিজ নিজ অবস্থান থেকে সাহায্য করার আহবান জানান। বিশেষত চলমান মামলার জট নিরসনে আপোষ-মিমাংসার মাধ্যমে বিকল্প বিরোধ নিস্পত্তি (এডিআর) এর গুরুত্ব তুলে ধরেন। আইনগত সহায়তা দিবসের গুরুত্ব অনুধাবন, আইনগত সহায়তা প্রদান আইন কার্যকরীকরণ এবং আইনগত সহায়তা কার্যক্রম কে আরও গতিশীল করার আহবান জানিয়ে ২০২৫ সালের সেরা প্যানেল আইনজীবীকে ক্রেস্ট প্রদান করেন। এ বছর সেরা প্যানেল আইনজীবী নির্বাচিত হয়েছেন এডভোকেট সালেহা পারভীন ডলি। সর্বশেষ তিনি সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
অনুষ্ঠানে মহানগর দায়রা জজ আল আসাদ মো. আসিফুজ্জামান, চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হামিদুল ইসলাম, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল মালেক, রাজশাহী নগর পুলিশের উপপুলিশ কমিশনার গোলাম রাব্বানী শেখ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে কুলসুম সম্পা প্রমুখ বক্তব্য রাখেন।
পবা উপজেলা: পবা উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন করা হয়েছে। অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমান আজিজ।
আলোচনা সভায় বক্তব্য রাখেন- সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ওয়ালী উল্লাহ মোল্লাহ, বিআরডিবি কর্মকর্তা শামসুন্নাহার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা খাতুন, ব্র্যাক আঞ্চলিক কার্যালয় রাজশাহীর ডেপুটি ম্যানেজার সামাল ইসলাম, জেলা ব্যবস্থাপক হারুন অর রশিদ, উপজেলা অফিসার বিশ্বনাথ কর্মকার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি কাজী নাজমুল ইসলাম। এছাড়াও উপজেলা লিগ্যাল এইড কমিটির সদস্যবৃন্দ। আলোচনা সভায় বক্তারা- সরকারি আইনগত সহায়তা কার্যক্রমের গুরুত্ব ও এর সুফল সম্পর্কে বক্তব্য রাখেন এবং সাধারণ জনগণকে বিনামূল্যে আইনি সহায়তার সুবিধা গ্রহণের আহবান জানান।
বাগাতিপাড়া: নাটোরের বাগাতিপাড়ায় জাতীয় আইনগত সহায়তা প্রদান দিবস -২০২৫ পালিত পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়। এরপর উপজেলার বড়াল সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ইউএনও হা-মীম তাবাসসুম প্রভা’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান, সমবায় কর্মকর্তা ইবনে জামান মোঃ ফয়জুল কবীর, মৎস্য কর্মকর্তা সম্প্রসারণ কর্মকর্তা আসেক এস বি সাত্তার, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দস সবুর, উপজেলা প্রেসক্লাব’র সভাপতি কামরুল ইসলাম প্রমুখ। ইউএনও হা-মীম তাবাসসুম প্রভা বলেন, ‘দরিদ্র মানুষ তার ন্যায়বিচার থেকে বঞ্চিত হবে না। তাদের সব ধরনের আইনি সহায়তা দিতে সরকার তাদের পাশে আছে। এই বার্তাটা সবার কাছে পৌঁছে দিতে হবে, তাহলে দিবসটি সার্থক হবে।’
মহাদেবপুর: মহাদেবপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো: আরিফুজ্জামান। আলোচনা সভায় বক্তব্য রাখেন মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিন রেজা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নাজমা খাতুন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রেজওয়ানুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষার একাডেমিক সুপারভাইজার ফরিদুল ইসলাম, সাংবাদিক লিয়াকত আলী বাবলু, ছাত্র প্রতিনিধি আমিনুল ইসলাম প্রমুখ। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব রবিউল আলম বুলেট, চাঁন্দাশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদান নবী রিপনসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষণার্থীসহ সমাজের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
রাণীনগর: দবসটি উপলক্ষে সোমবার উপজেলা লিগ্যাল এইড কমিটি র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল হাসানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনা আক্তার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহবুবুল আলম কচি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নজরুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র দেবনাথ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহিদুল প্রমুখ।
জয়পুরহাট: এ উপলক্ষে জেলা জজ আদালত চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা (র‌্যালি) বের হয়ে জেলা কালেক্টরেট চত্বরের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা জজ আদালত গেটের সামনে এসে শেষ হয় ।
পরে জেলা জজ আদালত ভবনের নিচতলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিনিয়র জেলা ও দায়রা জজ মজিবুর রহমানের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে-জেলা নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক আব্দুল মুক্তাদির, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শ্যাম সুন্দর রায়, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোহাইমেনা শারমিন, অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোহাম্মদ জিন্না আল মামুন, সিনিয়র সহকারী জজ জান্নাতুল রাফিন, জেলা জজ কোর্ট আদালতের জিপি অ্যাডভোকেট সালামত আলী, জয়পুরহাট বারের সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম তরুণ প্রমুখ বক্তব্য রাখেন।
মোহনপুর: অনুষ্ঠিত র‌্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার আয়শা সিদ্দিকা, সহকারি কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা, কৃষি অফিসার কামরুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা সঈদ আলী রেজা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিকুর ইসলামসহ উপজেলা জাতীয় আইনগত সহায়তা প্রদান কমিটির সদস্যরা। এসময় অসহায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের বিনা খরচে আইনগত সেবা প্রদানের জন্য লিগ্যাল এইসের বিষয় সর্বস্তরে প্রচার করার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়।
আত্রাই: নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে আইনগত সহায়তা দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন, আত্রাই উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন। তিনি তার বক্তব্যে আইনগত সহায়তা কার্যক্রমের গুরুত্ব তুলে ধরে বলেন, সাধারণ মানুষকে তাদের আইনগত অধিকার সম্পর্কে সচেতন করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আইনগত সহায়তা প্রদানকারী সংস্থাগুলোর ভূমিকার প্রশংসা করেন এবং সকলের সমন্বিত প্রচেষ্টায় একটি ন্যায়বিচারভিত্তিক সমাজ গঠনের আহ্বান জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আত্রাই উপজেলা বিএনপির সভাপতি এসএম রেজাউল ইসলাম রেজু, আত্রাই থানার অফিসার ইনচার্জ শাহাবুদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, যুব উন্নয়ন অফিসার এসএম নাসির উদ্দিন, ইউপি চেয়ারম্যান খবিরুল ইসলাম, মঞ্জুরুল ইসলাম, তোফাজ্জল হোসেন খান তোফা, আফজাল হোসেন, নাজিম উদ্দীন, সম্রাট হোসেন, মামুনুর রশিদ, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার তোফাজ্জল হোসেন মীর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার জিয়াউদ্দিন আহমেদ, সহকারী প্রশাসনিক অফিসার আহসান হাবিব নাঈম প্রমুখ।


প্রকাশিত: April 29, 2025 | সময়: 4:26 am | সুমন শেখ