সর্বশেষ সংবাদ :

চার বখাটের মধ্যে, গ্রেপ্তার ৩: সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে অভিযুক্তদের ছবি প্রকাশ

স্টাফ রিপোর্টার: রাজশাহীর সার্কিট হাউস সংলগ্ন সড়কে নারীদের উদ্দেশে অশালীন অঙ্গভঙ্গি ও কুরুচিপূর্ণ আচরণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যায় এক নারী পথচারীকে দেখে চার যুবক বাজেভাবে অঙ্গভঙ্গি করছে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে শুরু হয় সমালোচনা। তাৎক্ষণিকভাবে অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারে মাঠে নামে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।
ঘটনার পরদিন বুধবার সকালে আরএমপির ফেসবুক পেজে চারজন অভিযুক্তের ছবি প্রকাশ করে সাধারণ মানুষের সহযোগিতা চাওয়া হয়। এরপর বৃহস্পতিবার পুলিশ তিনজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এসব বখাটেদের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। সামাজিকভাবে এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আর সে জন্যই পুলিশের পক্ষ থেকে অভিযুক্তদের ছবি প্রকাশ করা হয়েছে। পুলিশের এমন সুন্দর উদ্যেগকে সাধারণ মানুষ সাধুবাদ জানিয়েছেন।
গ্রেপ্তার তিন জন হলো, নগরের রাজপাড়া থানার লক্ষ্মীপুর ভাটাপাড়া এলাকার মোখলেছুর রহমান মুকুলের ছেলে জুবায়ের হোসেন রাকিব (১৯), কাশিয়াডাঙ্গা থানার মহিষবাথান উত্তরপাড়ার মো. রমজানের ছেলে সবুজ (২০) ও নগরীর কাশিয়াডাঙা থানার সায়েরগাছা এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে রাজু (২১)।
এর আগে বুধবার বিকেলের পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, নগরের সিঅ্যান্ডডি মোড় এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা কয়েকজন যুবক নারীদের উদ্দেশে অশালীন অঙ্গভঙ্গি করছে। তাদের এ আচরণে বিব্রত হন পথচারী নারীরা। বিষয়টি জানাজানি হতেই পুলিশ গোয়েন্দা নজরদারি জোরদার করে এবং রাতেই অভিযান শুরু করে।
ঘটনাটি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানের দৃষ্টিগোচর হলে তিনি দ্রুত জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের নির্দেশ দেন। একই সঙ্গে আসামিদের নাম-ঠিকানা সংক্রান্ত তথ্য আহ্বান করে আরএমপির অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্ট প্রকাশ করা হয়। আসামিদের গ্রেপ্তার করতে আরএমপি’র একাধিক টিম কাজ শুরু করে।
সর্বশেষ অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) নাসিদ ফরহাদের দিকনির্দেশনায় এসআই সাহাব উদ্দীন-আল-ফারুকের নেতৃত্বে একটি টিম সাইবার ক্রাইম ইউনিটের প্রযুক্তিগত সহায়তায় বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় কাশিয়াডাঙ্গা থানার সায়েরগাছা এলাকায় অভিযান পরিচালনা করে আসামি রাজুকে গ্রেপ্তার করে। পলাতক আরেক আসামিকে গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে।
এ বিষয়ে আরএমপির অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন বলেন, “নারীদের হয়রানির ঘটনায় শুধু গ্রেপ্তারই নয়, সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতেই পুলিশের পক্ষ থেকে অভিযুক্তদের ছবি প্রকাশ করা হয়েছে। এরপর তিনজন গ্রেপ্তারও হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। অন্য বখাটেকে ধরতে অভিযান চলছে।”


প্রকাশিত: April 25, 2025 | সময়: 4:06 am | সুমন শেখ

আরও খবর