বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অপরাধে জনি ইকবাল নামে একব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেয়া হয়। বৃহস্পতিবার দুপুরে আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন জেলা ও দায়রা জজ মিজানুর রহমান। ৩৫ বছর বয়সী দণ্ডপ্রাপ্ত আসামি জনি ইকবাল জেলার শিবগঞ্জ উপজেলার রসুলপুর-ঘোনটোলা গ্রামের এসাহাক মন্ডলের ছেলে। হত্যার শিকার ওই গৃহবধূ হলেন একই উপজেলার কমলাকান্তপুর-গড়েপাড়ার এসরাইল হোসেনের মেয়ে রোকসানা বেগম (২৭)।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আবদুল ওদুদ বলেন, ২০১৭ সালের ২ মে রোকসানা বেগমের সঙ্গে জনি ইকবালের বিয়ে হয়। তারপর থেকেই ঘরজামাই থাকতেন তিনি। বিয়ের পর তাদের মাঝে পারিবারিক কলহের জেরে রোকসানাকে মারধর করতেন জনি। ২০১৭ সালের ১৬ সেপ্টেম্বর দিবাগত রাতে শ্বাসরোধ করে রোকসানা খাতুনকে হত্যা করে জনি।
ঘটনার পরের দিন নিহতের বাবা এসরাইল হোসেন বাদি হয়ে জনির বিরুদ্ধে শিবগঞ্জ থানায় হত্যা মামলা করেন।
এ ঘটনায় মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক সেলিম রেজা ২০১৮ সালের ৩১ অক্টোবর জনিকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।
দীর্ঘ শুনানি শেষে আদালতের বিচারক জনি ইকবালকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা করেন বলে নিশ্চিত করেন অ্যাডভোকেট আবদুল ওদুদ।