সর্বশেষ সংবাদ :

আত্রাইয়ের সিতলীতলা হাট ইটসোলিং রাস্তার বেহালদশা

আত্রাই প্রতিনিধি: নওগাঁর আত্রাই উপজেলার চকশিমলা মুনসুর রহমানের পুকুর পাড় থেকে সিতলীতলা পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার দীর্ঘ ইট সোলিং রাস্তাটির বেহাল দশা চোখে পড়ার মতো। বিগত আওয়ামী লীগ সরকারের সময় সাবেক এমপি ইসরাফিল আলমের উদ্যোগে এই রাস্তাটি নির্মাণ করা হয়েছিল। কিন্তু বর্তমানে রাস্তাটি এতটাই ক্ষতিগ্রস্ত যে, তা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
এই রাস্তা দিয়ে প্রতিদিন ফতেপুর, পারশিমলা, হাটকালুপাড়া, চকশিমলা, বড়শিমলা, সন্ন্যাসবাড়ী, বান্দাইখাড়া, নন্দনালী, আত্রাই, বাগমারা ও মান্দা এলাকার হাজারো মানুষ যাতায়াত করেন।
কিন্তু রাস্তাটির করুণ অবস্থার কারণে তাদের প্রতিদিনের যাতায়াত মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিশেষ করে বর্ষাকালে রাস্তাটি আরও বেশি দুর্গম হয়ে পড়ে, যা স্থানীয়দের জীবনযাত্রাকে দুর্বিষহ করে তোলে।
এলাকাবাসীর অভিযোগ, এই রাস্তা দিয়ে বান্দাইখাড়া হাট, বড়শিমলা হাট, চকবাজার হাট ও ফতেপুর হাটের সঙ্গে যাতায়াতের সুবিধা না থাকায় ব্যবসা-বাণিজ্য সহ নিত্যপ্রয়োজনীয় কাজেও ব্যাপক সমস্যা দেখা দিচ্ছে।
তারা দাবি করেছেন, দ্রুত এই রাস্তাটি পাকাকরণ করা হোক। এ বিষয়ে আত্রাই উপজেলা প্রকৌশলী নিতিশ কুমার বলেন, ‘রাস্তাটির অবস্থা আমাদের নজরে রয়েছে। আমরা বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তুলে ধরেছি এবং দ্রুত সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’
স্থানীয় ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন বলেন, দ্রুত এই রাস্তাটি পাকাকরণ করা হলে যাতায়াত ও অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি ফিরে আসবে। আমি জেলা ও উপজেলা প্রকৌশলী ও উর্ধ্বতন কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ কামনা করছি।


প্রকাশিত: March 12, 2025 | সময়: 3:46 am | সুমন শেখ