সর্বশেষ সংবাদ :

অবশেষে পুকুর খননকারীদের ধরতে ভ্রাম্যমাণ আদালত

স্টাফ রিপোর্টার, চারঘাট: রাজশাহীর চারঘাটে অবশেষে পুকুর খননকারীদের ধরতে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফ হোসেনের নেতৃত্বে রোববার দুপুরে তিনটি পুকুর খননকারী স্পটে অভিযান পরিচালনা করা হয়। উপজেলার নিমপাড়া ইউািনয়নের জোতকার্ত্তীক হিন্দুপাড়া, হাবিবপুর ও রায়পুর এলাকায় অভিযান চালানো হয়েছে। এসময় পুকুর খনন কারী কাউকে আটক করতে পারেনি ভ্রাম্যমান আদালত। পরে সেখানে থাকা এসকেভেটর বিনষ্ট করা হয়। এছাড়াও এসকেভেটরের বাটারী জব্দ করা হয়।
জানা যায়, দীর্ঘদিন ধরে চারঘাটে অবৈধ ভাবে পুকুর খনন চলছে। তিন ফসলী জমি ও আমের বাগান কেটে সাবার করে এক শ্রেণির অর্থলোভি মানুষ অবৈধ এ কাজ করলেও ব্যবস্থা নেয়া হয়নি। ফলে অব্যাহত পুকুর খনন বন্ধে মানববন্ধন, বিক্ষোভ ও বিভিন্ন দপ্তরে একাধিকবার লিখিত অভিযোগ দিয়েছেন ক্ষতিগ্রস্থ কৃষকরা। সদ্য গত কয়েকদিন আগে জোতকার্ত্তিক এলাকায় অবৈধ ভাবে পুকুর খনন শুরু করে বিএনপির নাম ভাঙ্গানো বাবুল মাষ্টারসহ কয়েকজন। একে কেন্দ্র করে কয়েকদিন ধরেই উত্তেজনা চলছিল।
তারই প্রেক্ষিতে রোববার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধ পুকুর খনন বন্ধ করেছে ভ্রাম্যমাণ আদালতের বিচারক আরিফ হোসেন। এ অভিযান অব্যাহত ভাবে চলছে বলে দাবি করেছেন বিচারক আরিফ হোসেন।


প্রকাশিত: January 27, 2025 | সময়: 8:24 am | সুমন শেখ