রাজশাহীতে ১০০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার এক

স্টাফ রিপোর্টার: রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন কুমরপুর গ্রাম হতে এক মাদককারবারিকে ১০০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করেছে রাজশাহী জেলার ডিবি পুলিশ। গ্রেফতারকৃতের নাম লাল্টু মিয়া ওরফে রমজান আলী (৪৫)। লাল্টু মিয়া ওরফে রমজান আলী গোদাগাড়ী থানার কুমরপুর গ্রামের মৃত ঝান্টু ঘোষের ছেলে।
ঘটনাসূত্রে জানা যায়, রাজশাহী জেলার ডিবি’র এসআই (নিরস্ত্র) আব্দুর রহিম ও ফোর্সসহ ১২ই অক্টোবর দুপুর আড়াইটায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন রাজাবাড়ি ও তার সন্নিহিত এলাকায় মাদক উদ্ধারের জন্য নিয়োজিত ছিলো।
গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, ওই দিন রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন কুমরপুর গ্রামস্থ অভিযুক্তের বসতবাড়ির পূর্ব-দুয়ারি টিনের ঘরের বারান্দায় একজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য হেরোইন বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছিলো। এমন সংবাদের ভিত্তিতে এসআই (নিরস্ত্র) আব্দুর রহিম ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে। ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় লাল্টু মিয়া ওরফে রমজান আলী ধরা পড়ে। দেহ তল্লাশি করে তার পরিহিত লুঙ্গির কোমরে ডানপাশে গোজা অবস্থায় একটি সাদা স্বচ্ছ পলিথিনের প্যাকেটে মুখবন্ধ অবস্থায় বাদামিবর্ণের গুড়াপদার্থ অবৈধ মাদকদ্রব্য ১০০ গ্রাম হেরোইনসহ তাকে গ্রেপ্তার করে। এ ঘটনায় গোদাগাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে।


প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২৪ | সময়: ৪:৫৩ পূর্বাহ্ণ | সুমন শেখ