, , ।
আদমদীঘি প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে জ্যেষ্ঠ সাংবাদিক ও সান্তাহার প্রেস ক্লাবের সভাপতি গোলাম আম্বিয়া লুলু মারা গেছেন (ইন্না লিল্লাহি.. রাজিউন)। গোলাম আম্বিয়া দৈনিক সংবাদ পত্রিকার উপজেলা প্রতিনিধি ও সান্তাহার ইউপির দমদমা গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান মৃত জহির উদ্দীন মাস্টারের ছেলে। রবিবার দুপুরে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর।
জানা যায়, দীর্ঘদিন ধরে কিডনি সমস্যাসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন জ্যেষ্ঠ সাংবাদিক গোলাম আম্বিয়া লুলু। ইতোপূর্বে বেশ কয়েকবার অসুস্থ হওয়ার কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। গত দুই সপ্তাহ আগে তাকে হাসপাতাল থেকে নিজ বাড়িতে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছিল। রবিবার দুপুরে নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন উপজেলার সুধী মহল।