সর্বশেষ সংবাদ :

সাত কেজি চালের দামে এককেজি কাঁচা মরিচ

মাহফুজুর রহমান প্রিন্স, বাগমারা: সম্প্রতি দেশের দক্ষিণপূর্বাঞ্চলের বন্যার প্রভাব পড়েছে বাগমারাতেও। এখানে এক লাফে কাঁচা মরিচের কেজি সাড়ে তিনশ টাকা ওঠেছে। এছাড়া স্থানীয় বাজারে ৫০ টাকার নিচে কোন সবজি মিলছে না। এতে ক্রেতাদের নাভিশ্বাস ওঠেছে। বর্তমানে স্থানীয় হাট-বাজারে সাত কেজি চালের দামের সমান ওঠেছে এক কেজি কাঁচা মরিচের দাম। স্থানীয় বাজারে মোটা চাল ৫০ টাকা কেজি। এই হিসাবে সাড়ে তিনশ টাকায় চাল পাওয়া যায় সাত কেজি।
সোমবার উপজেলা তাহেরপুর ও ভবানীগঞ্জের পাইকারি হাট ঘুরে দেখা যায়, বাজারে শাক সবজি ও কাঁচা মরিচের আমদানী কম। এখানে পাইকারি বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৩০০ টাকা এবং খুরচা বাজারে তা বিক্রি হচ্ছে ৩৫০ টাকায়। ভবানীগঞ্জ হাটের খুরচা বিক্রেতা সাইদুর রহমান জানান, গত কয়েকদিন ধরে অবিরাম বৃষ্টিপাতের কারণে কাঁচা মরিচ, পটল সহ বিভিন্ন সবজির গাছ মরে গেছে। বাজারে চাহিদা অনুযায়ী কাঁচা মরিচ ও সবজির আমদানী কম। ফলে কাঁচা মরিচের দাম এক লাফে দ্বিগুন বেড়ে গেছে।
বাজরের আরেক খুরচা বিক্রেতা সাইফুল জানান, শুধু কাঁচা মরিচ নয় অন্যান্য শাকসবজির দামও আকাশচুম্ভি। এখানে সাধারণ যে কোন সবজি ৫০-৬০ টাকার নিচে পাওয়া যাচ্ছে না। এই দাম ক্রমাগত বেড়েই চলেছে। স্থানীয় বাজারে প্রতি কেজি কাঁকরোল ৮০ টাকা, পটল ৫০ টাকা, ঢ্যাঁরশ ৬০ টাকা ও চিচিংগা ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
ভবানীগঞ্জ বাজারে বাজার করতে আসা স্থানীয় কলেজ শিক্ষক জহির মেহেদী জানান, প্রতিটি সবজির দাম বেড়েছে, বেড়েছে কাঁচা মরিচের দাম। তাই তিনি কাঁচা মরিচের পরিবর্তে এখন শুকনা মরিচের ব্যবহার বাড়িয়ে দিয়েছেন।


প্রকাশিত: আগস্ট ২৭, ২০২৪ | সময়: ৫:০৫ পূর্বাহ্ণ | সুমন শেখ