সর্বশেষ সংবাদ :

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে ভারতের প্রতি আহ্বান

নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘গণহত্যাকারী’ উল্লেখ করে তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।

 

 

আজ রোববার (১৮ আগস্ট) সকালে দুর্নিতীবাজ ও তাদের দোসরদের আটক ও বিচারের দাবিতে প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে জয়নুল আবদিন ফারুক এ আহ্বান জানান।

 

 

ফারুক বলেন, শেখ হাসিনা হেলিকপ্টার থেকে গুলির চালানোর নির্দেশ দিয়েছেন। ভারত যখন পানির ন্যায্য হিস্যা দেয়নি কিংবা সীমান্তে হত্যাকাণ্ড চালিয়েছে তখন প্রতিবাদ করেননি। হিন্দুস্তানের ওপর ভর করে ক্ষমতায় টিকে ছিলেন বলেও অভিযোগ করেন বিএনপি চেয়ারপার্সনের এই উপদেষ্টা।

 

 

দেশের ইতিহাসে প্রথম বারের মতো কেউ পালিয়ে গেছে এই কথা জানিয়ে তিনি আরও বলেন, আন্দোলনের মুখে চুরি করে দেশ থেকে পালিয়েছেন শেখ হাসিনা। এখন তাকে দেশে এনে বিচারের মুখোমুখি করতে হবে।

 

 

এ সময় ক্ষোভ জানিয়ে এই বিএনপি নেতা বলেন, পুলিশ কর্মকর্তা হারুন-বিপ্লবকে এখনও আটক করা হয়নি। হাজার কোটি টাকা লুটেরা সংসদ সদস্যদেরও এখনও গ্রেফতার করা হয়নি। এদেরকে গ্রেফতার করার দাবি জানান তিনি। সবশেষে প্রয়োজনীয় দ্রুত নির্বাচন দেয়ারও আহ্বান জানান তিনি।

সানশাইন/ আর এক্স


প্রকাশিত: আগস্ট ১৮, ২০২৪ | সময়: ১:৩০ অপরাহ্ণ | Daily Sunshine