বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্পোর্টস ডেস্ক: সপ্তাহটা স্বপ্নের মতো কেটেছে ফরাসি সাঁতারু লিওঁ মার্শার। পুলে তারই দাপট চলছে রীতিমত। সর্বশেষ ২০০ মিটার ব্যক্তিগত মেডলিতে সেরা হয়ে নিশ্চিত করেছেন চতুর্থ সোনার পদক! চারটি সোনা জিতে আবার কীর্তিও গড়েছেন তিনি। কিংবদন্তি মাইকেল ফেলপসের পর এক আসরে চারটি ব্যক্তিগত সোনা জিতেছেন। ফেলপস সেটা করেছিলেন ২০০৮ সালে বেইজিং অলিম্পিকে।
মার্শা সোনা জিততে সময় নিয়েছেন ১ মিনিট ৫৪.০৬ সেকেন্ড। ইতিহাসে যা দ্বিতীয় সেরা। তবে অলিম্পিক রেকর্ড। ব্রিটেনের ডানকান স্কট জিতেছেন রূপা আর চীনের ওয়াং শান জিতেছেন ব্রোঞ্জ। ফরাসিদের জন্য রাতটা ছিল স্মরণীয়। দর্শক সারিতে এ সময় থেকে উদযাপনে সঙ্গী ছিলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। ২২ বছর বয়সী ফরাসি পোস্টার বয় মার্শার জন্যও সপ্তাহটা ছিল স্মরণ করে রাখার মতো, ‘আমার মনে হয় এই সপ্তাহে ভুল কিছু হয়নি। বলা যায় সব কিছু ছিল নিখুঁত।’
মার্শা এরই মধ্যে ২০০ মিটার বাটারফ্লাই, ২০০ মিটার ব্রেস্টস্ট্রোকের সঙ্গে ৪০০ মিটার ব্যক্তিগত মেডলিতে সোনা জিতেছেন। তাই এই লড়াইয়ে ফেভারিট ছিলেন তিনি।