নগরীতে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ১২

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগর পুলিশের অভিযানে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার সন্ধ্যা থেকে সোমবার ভোর রাত পর্যন্ত নগরীর থানা ও ডিবি পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
নগর পুলিশ জানায়, অভিযানে নগরীর বোয়ালিয়া মডেল থানা ১ জন, চন্দ্রিমা থানা ১ জন, মতিহার থানা ৩ জন, শাহ মখদুম থানা ২ জন, পবা থানা ১ জন, কাশিয়াডাঙ্গা থানা-১ জন, কর্ণহার থানা ১ জন ও ডিবি পুলিশ ২ জনকে গ্রেপ্তার করে। যার মধ্যে ৫ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৫ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ২ গ্রেপ্তার করা হয়েছে।
মাদক মামলায় অভিযুক্তদের কাছ থেকে ৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৫০ গ্রাম গাঁজা, ৭ গ্রাম হেরোইন ও ২২ বোতল ফেন্সিডিল উদ্ধার হয়। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
এদিকে, রাজশাহী মহানগরীর মির্জাপুর এলাকা থেকে ছয় মাসের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার রাতে নগরীর মতিহার থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতর নাম আল আমিন। তিনি রাজশাহী নগরীর মতিহার থানার মির্জাপুর পশ্চিম পাড়া এলাকার বিচ্ছাদ আলীর ছেলে।
নগর পুলিশ জানায়, আল আমিনের বিরুদ্ধে নগরীর মতিহার থানায় ছয় মাসের সাজাপ্রাপ্ত গ্রেপ্তারি পরোয়ানা মুলতবি ছিল। এরই প্রেক্ষিতে গতকাল রোববার রাতে থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, আল আমিন মতিহার থানার মির্জাপুর পশ্চিম পাড়া তার বাড়িতে অবস্থান করছে।
উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে মতিহার থানা পুলিশের একটি দল রাত ৩ টায় অভিযান চালিয়ে আমিনকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে। সোমবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


প্রকাশিত: জুন ১১, ২০২৪ | সময়: ৬:০৬ পূর্বাহ্ণ | সুমন শেখ