বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে বিষধর সাপের কামড়ে রোহান হোসেন (১২) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার বড়দেহা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রোহান বড়দেহা গ্রামের উজ্জ্বল হোসেনের ছেলে। সে নগর উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।
নগর ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সদস্য সানোয়ার হোসেন জানান, গত মঙ্গলবার রাতে রোহান বিদ্যুৎ না থাকায় প্রচন্ড গরমে ঘরের মেঝেতেই ঘুমাচ্ছিলো। ঘুমের মধ্যেই বিষধর সাপ তার পায়ে কামড় দেয়। প্রথমে পা থেকে রক্তক্ষরণ দেখে পরিবারের লোকজন বিড়াল কামড়ে দিয়েছে বলে ধারণা করে। কিন্তু সময়ের সাথে সাথে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে মোটরসাইকেলে হাসপাতালে নেওয়ার পথে বাবার কোলেই মৃত্যুবরণ করে স্কুল ছাত্র রোহান।