সর্বশেষ সংবাদ :

রাজশাহীতে মাদক মামলায় ২ জনের যাবজ্জীবন

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে পাঁচ কেজি হেরোইন পাচারে দায়ের করা মামলায় দুই ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি দণ্ডপ্রাপ্তদের ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা দিতে ব্যর্থ হলে তাদের আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।
বুধবার দুপুরে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালতের বিচারক অনুপ কুমার সাহা এ রায় ঘোষণা করেন। আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী এন্তাজুল হক বাবু এ তথ্য নিশ্চিত করেছেন। দণ্ডপ্রাপ্তরা হলো, চাঁপাইনবাবগঞ্জ সদরের নাজিবর রহমান (৪০) ও জুয়েল ইসলাম (৪২)।
আইনজীবী এন্তাজুল হক বাবু জানান, ২০১৯ সালের ২২ আগস্ট রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সারেংপুর এলাকায় নাজিবর এবং জুয়েলকে ৫ কেজি ২৩ গ্রাম হেরোইনসহ আটক করে র‌্যাব। পরে তাদের গোদাগাড়ী মডেল থানায় সোপর্দ করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়।
তিনি আরও জানান, মামলা দায়েরের পর দুই আসামি রাজশাহী কারাগারে বন্দী ছিলো। পরবর্তীতে নাজিবুর মায়ের অসুস্থতার কারণে জামিন পান। এরপর সে আত্মগোপন করে। তবে অপর দণ্ডপ্রাপ্ত জুয়েল রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলো। তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।


প্রকাশিত: August 24, 2023 | সময়: 4:51 am | সুমন শেখ

আরও খবর