সর্বশেষ সংবাদ :

অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী ঐক্যজোটের সাথে রাসিক মেয়রের মতবিনিময়

স্টাফ রিপোর্টার
অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী ঐক্যজোটের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। সোমবার রাত সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত নগর ভবনের সিটি হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে রাসিক মেয়রকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী ঐক্যজোটের নেতৃবৃন্দ।

 

 

সভায় রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, ২০১৯ সালে রাজশাহীর উন্নয়নে সর্ববৃহৎ তিন হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদন দেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রকল্পের মধ্যে ১২০০ কোটি টাকার উন্নয়ন করা সম্ভব হয়েছে। অব্যবহৃত আছে ১৫০০ কোটি টাকা। আমি নির্বাচিত হলে এরসাথে আরো ৩ থেকে ৪ হাজার কোটি টাকা বরাদ্দ নিয়ে আসতে চাই। রাজশাহীর অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে চাই। সবাইকে সাথে নিয়ে রাজশাহীকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই।

 

তিনি আরো বলেন, রাজশাহীতে কর্মসংস্থান প্রয়োজন। শিল্পায়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে আগামীতে কাজ করবো। মতবিনিময় সভায় বক্তব্য দেন অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী ঐক্যজোট রাজশাহী বিভাগীয় সভাপতি ও সাংগঠনিক উপদেষ্টা সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অবঃ) মোঃ মাসুদ রানা, অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী ঐক্যজোট রাজশাহী জেলার সভাপতি সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অবঃ) একরামুল হক, সাধারণ সম্পাদক সম্পাদক কর্পোরাল (অবঃ) মোঃ সাইফুল ইসলাম।

সানশাইন/সোহরাব


প্রকাশিত: May 16, 2023 | সময়: 12:05 am | Daily Sunshine

আরও খবর