সর্বশেষ সংবাদ :

জিরুদ-এমবাপেদের নিয়ে গর্বিত ফ্রান্স প্রেসিডেন্ট

স্পোর্টস ডেস্ক: বিশ্ব সেরার মুকুট ধরে রাখতে স্রেফ একটি ধাপ পেরুতে হবে ফ্রান্সকে। আসর জুড়ে দুর্দান্ত পারফরম্যান্স করা চলা দলটির উচ্ছ্বসিত প্রশংসা করলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। অলিভিয়ে জিরুদ, কিলিয়ান এমবাপেদের নিয়ে গড়া দিদিয়ে দেশমের দলকে নিয়ে তিনি গর্বিত।
আল বাইত স্টেডিয়ামে বুধবার মরক্কোকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় ফ্রান্স। ২০০২ সালে ব্রাজিলের পর প্রথম দল হিসেবে টানা দুটি ফাইনাল খেলবে ফরাসিরা। আর জার্মানির ৩২ বছর পর ইউরোপের প্রথম দল হিসেবে এই কীর্তি গড়ল তারা। মরক্কোর বিপক্ষে ফাইনালে উঠার লড়াইটি মাঠে বসে দেখেছেন ম্যাক্রোঁ। উল্লাস করেছেন থিও এরনঁদেজ ও রন্দাল কোলো মুয়ানির গোলে। ম্যাচ শেষে দলের ড্রেসিং রুমে গিয়ে কথা বলেছেন তিনি।
সাফল্যের জন্য সবাইকে স্তুতিতে ভাসান ফরাসি প্রেসিডেন্ট। সঙ্গে ২০১৮ সালে ফ্রান্সকে শিরোপা জেতানো কোচ দেশমকে সামনেও দায়িত্বে দেখতে চাওয়ার কথা বলেন তিনি। “আমাদের স্বদেশীদের সহজ ও নির্মল আনন্দ দরকার। যেটা খেলাধুলা দিয়ে থাকে, বিশেষ করে ফুটবল। আমি দেড় ঘণ্টা আগে যেমন ছিলাম তার চেয়ে এখন অনেক ভালো।”
“আমরা অনেক কষ্ট করেছি, কিন্তু আমরা একটি দুর্দান্ত দল দেখেছি। আমাদের কোচ এবং তার দলকে অনেক ধন্যবাদ। যা আসলে বেশ কয়েকটি প্রজন্মের মিশ্রণ, এটিই দুর্দান্ত। দেশমকে থাকতে হবে। এই ফ্রান্স দল নিয়ে আমি খুব গর্বিত।” আগামী রোববার শিরোপা নির্ধারণী ম্যাচে আর্জেন্টিনার মুখোমুখি হবে ফ্রান্স। লুসাইল স্টেডিয়ামে বাংলাদেশ সময়ে রাত ৯টায় শুরু দুই বিশ্ব চ্যাম্পিয়নের মাঠের লড়াই।


প্রকাশিত: December 16, 2022 | সময়: 5:10 am | সুমন শেখ

আরও খবর