, , ।
শাহালাল ইসলাম রাজশাহীঃ
রাজশাহী মহানগরীতে স্বর্ণের বার বলে লোহার তৈরি সোনালি প্রলেপযুক্ত বার বিক্রির চেষ্টার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কর্ণহার থানা পুলিশ।
এ সময় তাদের কাছ থেকে ৪১টি নকল বারসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা বস্তুগুলোর মোট ওজন ৪ হাজার ২৯ দশমিক ৭৪ গ্রাম।
পুলিশ জানায়, গত ২৪ নভেম্বর রাত পৌনে ৮টার দিকে কর্ণহার থানার কৈকুড়ি মোড়সংলগ্ন ব্রিজের পশ্চিম পাশে চেকপোস্ট পরিচালনা করছিল পুলিশ। এ সময় গোদাগাড়ীর ভাগাইল এলাকা থেকে আসা একটি চার্জার অটোরিকশা থামানো হয়। অটোরিকশায় থাকা তিন যাত্রীর মধ্যে একজন পালিয়ে যায়। পরে অপর দুই যাত্রীর দেহ তল্লাশি করে একজনের কাঁধে থাকা স্কুলব্যাগ থেকে খবরের কাগজে মোড়ানো ও কসটেপ দিয়ে প্যাঁচানো একটি প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেটের ভেতরে একটি কাগজের বাক্সে ৪১টি সোনালি রঙের প্রলেপযুক্ত বারসদৃশ বস্তু পাওয়া যায়।
পরে পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনুল আবেদীনের উপস্থিতিতে স্থানীয় স্বর্ণকারের মাধ্যমে বস্তুগুলো পরীক্ষা করা হয়। পরীক্ষায় সোনালি প্রলেপ তুলে ফেললে ভেতরে লোহার বার পাওয়া যায়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মাদারীপুরের শিবচর থানার মাগুরখন্ড ফকিরকান্দি এলাকার নূরুল ইসলাম ফকিরের ছেলে মনিরুজ্জামান ফকির ওরফে মনির ফকির (৩৪) এবং মৌলভীবাজারের জুড়ি থানার দক্ষিণ সাগরনাল এলাকার আঃ আলীর ছেলে জাহিদ হোসেন (২৮)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানান, পলাতক আরও একজনের সঙ্গে যোগসাজশে দীর্ঘদিন ধরে লোহার বারের ওপর সোনালি রঙের প্রলেপ দিয়ে স্বর্ণের বারের মতো বস্তু তৈরি করতেন। পরে সেগুলো প্রকৃত স্বর্ণ হিসেবে বিক্রির উদ্দেশ্যে বিভিন্ন স্থানে বহন করতেন। জাহিদ হোসেন জানান, মনিরুজ্জামান তাঁকে ঢাকা থেকে রাজশাহীতে নিয়ে আসেন।
এ ঘটনায় পুলিশ ৪১টি বারসদৃশ বস্তু ছাড়াও দুটি মোবাইল ফোন, একটি স্টিলের চাকু, একটি স্কুলব্যাগ, নগদ ৩ হাজার ১৭৪ টাকা ও একটি পাওয়ার ব্যাংক জব্দ করেছে।
এ ঘটনায় গ্রেপ্তার দুজন ও পলাতক অজ্ঞাতনামা একজনের বিরুদ্ধে প্রতারণার উদ্দেশ্যে জাল বস্তু প্রস্তুত ও বহনের অভিযোগে কর্ণহার থানায় পেনাল কোডের সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পলাতক ব্যক্তিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
শাহালাল /শাহজাদা