, , ।
বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারা উপজেলায় একই পরিবারের আট সদস্যের মধ্যে তিনজন শারীরিক প্রতিবন্ধী। পরিবারের উপার্জনক্ষম কেউ না থাকায় দীর্ঘদিন ধরে চরম আর্থিক সংকটের মধ্য দিয়ে দিন কাটছে তাঁদের। এমন মানবিক পরিস্থিতিতে অসহায় পরিবারটির পাশে দাঁড়িয়েছে বাগমারা উপজেলা প্রশাসন।
মঙ্গলবার ২৪ নভেম্বর বিকেলে উপজেলার শ্রীপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামের বাসিন্দা নাজিম উদ্দিনের পরিবারের খোঁজখবর নিতে যান উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। নাজিম উদ্দিন মৃত কিসমত মন্ডলের ছেলে। তাঁর পরিবারের আট সদস্যের মধ্যে তিনজন শারীরিক প্রতিবন্ধী হওয়ায় এবং নিয়মিত আয়ের কোনো ব্যবস্থা না থাকায় পরিবারটি দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপন করছে।
পরিবারটির দুরবস্থার কথা জানতে পেরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁদের হাতে নগদ অর্থ, শুকনো খাবারসহ বিভিন্ন ধরনের প্রয়োজনীয় সহায়তা তুলে দেওয়া হয়। প্রশাসনের এমন মানবিক উদ্যোগে অসহায় পরিবারটি কিছুটা স্বস্তি ফিরে পায়।
এ সময় উপস্থিত ছিলেন বাগমারা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রিজু তামান্না এবং সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান।
অসহায় ও প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ স্থানীয়ভাবে মানবিক সহমর্মিতার দৃষ্টান্ত হয়ে থাকবে।